বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তাঁর সঙ্গে থাকা গাড়িচালক হাসান ও বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনকে মারধরের পর ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার গাড়িচালক ও বিএনপি নেতা বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে বাগেরহাটে যাচ্ছিলেন তাঁরা। পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

এসব বাধা পেরিয়ে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাঁদের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে এবং তাঁদের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে তাঁদের মারধর করা হয়।

বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, একপর্যায়ে তাঁকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা। মনিরুলের মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবি ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে ‘বিএনপি, বিএনপি’ বলে চিৎকার করতে থাকে। পরে তাঁকে ধরে নিয়ে যায়। প্রাণ বাঁচাতে তাঁরা দুজন গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে চলে আসেন।

বাগেরহাট জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ময়েন বর্তমানে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে রয়েছেন। ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও ফোন করে অভিযোগ করা হয়েছে। মনিরুল হক ফরাজিকে উদ্ধারে দলীয়ভাবেও চেষ্টা চলছে। একটি সূত্রের মাধ্যমে তাঁদের ব্যবহৃত গাড়িটি সড়কের পাশে পড়ে থাকার খবর পাওয়া গেছে।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ময়েন তাঁকে মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে অপহরণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে চেষ্টা চলছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। নিখোঁজ মনিরুল হক ফরাজিকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com