প্রথম সমাচার ডেস্ক:
খাগড়াছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হওয়া ১৩টি পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানবিক এই সহায়তা কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে গৃহ নির্মাণের জন্য ৩ বান করে মোট ৩৯ বান ঢেউটিন এবং নগদ ২৫ হাজার টাকা করে সর্বমোট ৩ লাখ ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি স্থানীয় সরকারের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা পরিষদ সদস্য মোশাররফ হোসেন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, 'যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় সরকার ও স্থানীয় প্রশাসন সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। সরকারি এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে মাথা গোঁজার ঠাঁই করে নিতে ও ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।'
এ সময় সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর মধ্যরাতে খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ওই এলাকার ১৩টি প্রতিষ্ঠান, বসতঘর ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়ন হলো যেভাবে
দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে জয়পুরহাটে কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ