এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত তিনটার দিকে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করে রাখা গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় গাড়িটির একাংশ পুড়ে গেছে।
এবি পার্টির নেতাদের ভাষ্য, মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত বোতলে থাকা দাহ্য পদার্থ গাড়িতে ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ব্যাটারিচালিত রিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় আগুন লাগার ঘটনা দেখে তা নেভান।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত, গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন এবি পার্টির নেতারা। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে দলটির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এ অগ্নিসংযোগ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন ও সন্ত্রাসের মাধ্যমে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর আঘাত। তাঁরা আরও বলেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিবাদীরা আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে।
মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি। অপরাধীদের শাস্তি নিশ্চিত করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)। দলটির বিবৃতিতে বলা হয়, সারা দেশে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতায় এ সহিংস ঘটনা ঘটেছে। বিরোধী রাজনৈতিক দল ও নেতারা আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে দাবি করে এনসিপি। এমনকি সরকারি দলের সংসদ সদস্যরাও হামলার শিকার হচ্ছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এসব ঘটনা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন
লালমনিরহাটে উপজেলা বিএনপি অফিসে আগুন
ঢাকায় ককটেলসহ ছাত্রলীগ কর্মী আটক, কয়েক জায়গায় বিস্ফোরণ