শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও তিন বাহিনীর ডিজি

Icon প্রথম সমাচার ডেস্ক

সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ। তাদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদও রয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে গোপালগঞ্জে পৌঁছান তারা।

সূত্র জানায়, পুলিশ মহাপরিদর্শক ও তিন বাহিনীর ডিজি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। এ সময় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া থানাগুলোও পরিদর্শন করবেন তারা। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ সভায় অংশ নেয়ার কথা রয়েছে তাদের।

এদিকে, গত কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও নতুন করে সহিংসতার খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির কারণে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টার পর থেকে এই রুটে ঢাকা ও চট্টগ্রামগামী বাস ছেড়ে যেতে শুরু করে।

ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ বিভিন্ন পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, সকাল থেকেই যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে পরিষ্কার করা হয়। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com