প্রথম সমাচার ডেস্ক:
চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থার মুখে পড়া সিরাজগঞ্জের বিএনপির দুই নেতা আবারও দলীয় পদ ফিরে পেয়েছেন। মুচলেকা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন এবং কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর দলীয় সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে জেলা বিএনপি।
শুক্রবার (২০ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে তানভীর মাহমুদ পলাশ বলেন, তারা অনেক আগেই মুচলেকা দিয়েছিলেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করলে যে কাউকে শাস্তি পেতে হবে। অভিযুক্তরা মুচলেকা দেওয়ায় জেলা বিএনপি তাদের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছে। বিএনপির সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে তোলা এবং তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের স্থগিতাদেশ প্রত্যাহারের চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা বিএনপির এক নেতাকে মারধর ও চাঁদাবাজির মামলার কারণে তার দলীয় সব পদ স্থগিত করা হয়েছিল। এ বিষয়ে মুচলেকা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় এবং ভবিষ্যতে সাংগঠনিক নিয়মবহির্ভূত কোনো কর্মকাণ্ডে না জড়ানো ও তার ভাইদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার দলীয় সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে হাজী মিজানুর রহমান বাবলুর স্থগিতাদেশ প্রত্যাহারের চিঠিতে বলা হয়েছে, কাজিপুর উপজেলায় একটি বালুমহাল নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষ এবং তার ছেলের ক্রমাগত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তার দলীয় পদ স্থগিত করা হয়েছিল। এ বিষয়ে মুচলেকা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় এবং ভবিষ্যতে সাংগঠনিক নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে না জড়ানো ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত থাকার শর্তে তারও দলীয় সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে গত ২৬ জুলাই আজাদ হোসেনকে দলীয় শৃঙ্খলাভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধর এবং চাঁদাবাজির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি। তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হলেও তার জবাব সন্তোষজনক না হওয়ায় ৮ আগস্ট তার দলীয় সব পদ স্থগিত করা হয়। এর আগে, ২৭ জুলাই উল্লাপাড়া মডেল থানা পুলিশ মারামারি ও চাঁদাবাজির পৃথক দুটি মামলায় আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছিল। পরদিন আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
এছাড়া গত ২৫ জুলাই বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক পত্রে হাজী মিজানুর রহমান বাবলুকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং তার ছেলে সুমনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রথমে তার দলীয় পদ স্থগিত করা হয়েছিল। পরে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে পদ ফিরিয়ে দেওয়া হলেও পরবর্তী সময়ে গত এক মাস ধরে পুত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তার ছেলে সুমনের সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।
সবশেষে মুচলেকা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার শর্তে জেলা বিএনপি দুই নেতার দলীয় পদে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

চট্টগ্রামে আ. লীগের সাবেক এমপির বাড়িতে ভাঙচুর-আগুন