শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

দুই লাখ টাকা ‘মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বিএনপি নেতা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ঢাকা থেকে গাড়িতে করে ফেরার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটকের পরদিন মুক্তিপণের দয়ে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। তার ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় জড়িত। শুক্রবার (২০ নভেম্বর) তিনি মুক্তি পান বলে জানা গেছে।

অপহৃত বিএনপি নেতা মনিরুল হক ফরাজীর দাবি, মোট দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাড়া পান তিনি। এরপর সেদিন রাতেই ঢাকায় নিজের বাসায় ফেরেন। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন তিনি। এ ঘটনায় এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ করেননি।

বিএনপি নেতা মনিরুল হক ফরাজী জানান, বুধবার রাত ১টার দিকে ঢাকা থেকে নিজ গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোরে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি ছোড়েন। এ সময় সামনে এগিয়ে দেখেন, সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে।

কয়েকজন গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল লোক তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।

তিনি বলেন, গাড়ি থেকে নামিয়ে সন্ত্রাসীরা আমাকে এলোপাতাড়ি মারধর করে। তাদের আঘাতে আমার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়। তারা আমার মোবাইলে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে আমার ছবি দেখে আমাকে আরও মারধর করে। এক পর্যায়ে তারা ওই দুই জনকে ছেড়ে দিয়ে আমার কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আঙটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয়। পরে আমাকে সঙ্গে নিয়ে তারা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ঘোরাতে থাকে। এই নেতা বলেন, ভোর থেকে দুপুর হাঁটতে বাধ্য করা হয়। একপর্যায়ে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে অপহরণকারীরা। তখন বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে আমকে ছেড়ে দেওয়া হয়।

অপহরণের পর তার কাছ থেকে সব মিলিয়ে দুই লাখ ১৭ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল ছিনিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় দাবি করে বিএনপি মনিরুল হক ফরাজী বলেন, পরে ভাড়ার মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে পথ ভেঙে ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফিরি। প্রথমে সন্ত্রাসীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চার জন ছিল। তাদের কাউকেই ব্যক্তিগতভাবে চিনি না। সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর ঢাকাতে এসে চিকিৎসা নিয়েছি। এখনও সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। তবে এ ঘটনায় এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু জানায়নি।

বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের খবর পেয়ে তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরে এসেছেন বলে খবর পেয়েছি। তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com