শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাল ভারত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গোপালগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সীমান্তের ওপারে’ থাকা প্রভুদের খুশি করতে দলটি দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত। তবে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে আওয়ামী লীগ দলীয় অবরোধ কর্মসূচি পালন করে। এদিকে ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি এবং তাঁর পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যানের বিষয়টিও আলোচনায় এসেছে।

‘অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে কোনো মন্তব্য নেই’

বাংলাদেশের অস্থিরতার জন্য ভারত ও দেশটিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের দায়ী করে তারেক রহমানের বক্তব্যের বিষয়ে শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় তারেক রহমান বলেন, ‘আওয়ামী লীগ নেতারা বাংলাদেশ ও এর জনগণের স্বার্থের কথা ভাবেননি। পাশাপাশি, সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছেন, সেটিই তাদের প্রভু… সেই প্রভুদের খুশি করতে তারা আবারও বাংলাদেশ ও এর জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন।’ তবে বক্তব্যে তিনি ভারতের নাম উল্লেখ করেননি।

প্রতিবেদনে আরও বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের অবরোধ কর্মসূচি মূলত দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় কার্যকর ছিল, যেখানে দলটির শক্তিশালী অবস্থান রয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে হামলা চালানো হয়েছে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক গড়ে তুলতে চায়, যা উভয় দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।’

লন্ডনভিত্তিক শেখ হাসিনার আইনজীবীরা বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশনের কাছে তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দ্বিতীয়বারের মতো অনুরোধ জানিয়েছেন। এর আগে চলতি মাসের শুরুতে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে হাসিনা প্রথমবার পাসপোর্টের আবেদন করেন। তবে ঢাকার কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেন এবং তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের আগের প্রত্যর্পণ অনুরোধের কথাই পুনর্ব্যক্ত করেন।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই। এর আগে তিনি বলেছিলেন, প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং আইন অনুযায়ীই এর সুরাহা করা হবে।

এদিকে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, গঙ্গা নদীসহ পানি ও আন্তঃসীমান্ত নদীসংক্রান্ত যেকোনো আলোচনার জন্য ‘ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন’ একটি সুপ্রতিষ্ঠিত মাধ্যম।

বিস্তারিত কিছু না জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘ভারত সরকার বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে একই সঙ্গে ভারত নিজের স্বার্থ রক্ষাতেও অবিচল।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com