শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

পাগলা মসজিদে তিন ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি, এখনও চলছে গণনা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। শনিবার সকাল ৯টায় গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টায় পাওয়া গেছে ১০ কোটি টাকা। এখনও গণনার কাজ চলছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টায় গণনা করা হয়েছে ১০ কোটি টাকা। এখনও বাকি রয়েছে বিপুল পরিমাণ টাকা। গণনা শেষ হলে জানা যাবে এবার মোট দানের পরিমাণ।

রূপালী ব্যাংকের ডিজিএম ও জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ৭টার দিকে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সকাল ৯টার দিকে শুরু হয় গণনার কাজ। তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে। এখনও গণনা চলছে।

এর আগে দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার সকাল সোয়া ৭টার দিকে পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। এবার দানবাক্সের সংখ্যা ১৩টি থেকে বাড়িয়ে ১৫টি করা হয়েছে। দানবাক্স খুলে পাওয়া যায় ৫১ বস্তা টাকা।

সংশ্লিষ্টদের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, এবার দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। বর্তমানে গণনার কাজ চলছে। গণনা শেষ হলে মোট দানের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক বলেন, দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

টাকা গণনার কাজে অংশ নিয়েছেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাগলা মসজিদের পরিচিতি ও সুখ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও মানুষ এখানে নানা মনোবাসনা নিয়ে আসেন। শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষই নন, অন্যান্য ধর্মের অনুসারীরাও এখানে দান করতে আসেন।

তিনি বলেন, সময়ের প্রয়োজনে পাগলা মসজিদের সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে সম্প্রসারণের নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের আগমন এবং নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা হচ্ছে। এসব সমস্যা সমাধানে মসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের দেওয়া দানের অর্থ দিয়েই উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করা হবে।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। নগদ অর্থের পাশাপাশি সেবারও পাওয়া যায় স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা।

দীর্ঘ ছয় বছর পর দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্ধারণের কার্যক্রমও শুরু হয়। গত ১২ অক্টোবর স্বর্ণ ও রুপার অলঙ্কার ওজন শেষে পাওয়া যায় ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার। এ ছাড়া পাওয়া গেছে ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা।

বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩৩ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এ ছাড়া মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা অনুদান পাওয়া গেছে।

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ১০ শতাংশ জমির ওপর অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার জন্য রয়েছে ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি। জেলা প্রশাসক এ কমিটির সভাপতি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com