প্রথম সমাচার ডেস্ক:
মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধের পর গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা মাদকসম্রাট ফাউস্তো ইসিদ্রো ‘চাপো ইসিদ্রো’ মেসা ফ্লোরেস। শুক্রবার (২১ নভেম্বর) দেশটির সিনালোয়া রাজ্যের গুয়াসাভে শহরে বিশেষ অভিযান চালিয়ে তাকে এবং তার সহযোগী আরও সাতজনকে আটক করেছে মেক্সিকোর বিশেষ বাহিনী।
মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে সাতজন সন্দেহভাজন নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানের পর নিরাপত্তা জোরদার করতে যাওয়ার পথে মেক্সিকোর সেনাবাহিনীর চার সদস্য প্রাণ হারান বলে খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা।
মেসা ফ্লোরেসের বিরুদ্ধে মেক্সিকোতে সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি দেশটিতে ফেন্টানিল, কোকেন, হেরোইনসহ বিভিন্ন প্রাণঘাতী মাদক পাচারের নেটওয়ার্ক পরিচালনা করতেন। বর্তমানে তাকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে।
মেসা ফ্লোরেস মেসা ফ্লোরেস অর্গানাইজেশন বা গুয়াসাভে কার্টেলের প্রধান। ১৯৯০-এর দশক থেকে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়। দীর্ঘদিন ধরে আড়ালে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন তিনি।
মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্যের ভিত্তিতে বিশেষ বাহিনী তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী গোপনীয়তা ও আকস্মিকতার কৌশল অবলম্বন করে এলাকাটি ঘিরে ফেলে, যাতে তিনি পালিয়ে যেতে না পারেন এবং তার সহযোগীরা সেখানে পৌঁছাতে না পারে।
তবে তার অবস্থানে প্রবেশের আগে নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ ও বিস্ফোরক হামলার মুখে পড়ে। এরপর সংঘর্ষের একপর্যায়ে মেসা ফ্লোরেসকে আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুয়াসাভে শহরের আকাশে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের দৃশ্য দেখা গেছে। অন্য একটি ভিডিওতে গুলির শব্দে আতঙ্কিত হয়ে বেসবল স্টেডিয়ামে অবস্থানরত লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।
গ্রেপ্তার হওয়া আটজনের মধ্যে মেসা ফ্লোরেসের এক চাচাতো ভাই রয়েছেন, যিনি তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এ ছাড়া তার ভগ্নিপতিকেও আটক করা হয়েছে। ওই ব্যক্তি সংগঠনটির আর্থিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে ছিলেন।
মেসা ফ্লোরেস, তার চাচাতো ভাই ও ভগ্নিপতিকে বিচারের মুখোমুখি করতে বিমানে করে মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে সিনালোয়া রাজ্যেই রাখা হয়েছে। অভিযানে গ্রেনেড লঞ্চারসহ বিভিন্ন ধরনের অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
গ্রেপ্তারের পর ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হারমোসিলোতে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল। এক বিবৃতিতে তারা জানায়, আহোমে, গুয়ামুচিল, গুয়াসাভে ও নাভোলাতো এলাকায় রাতভর নিরাপত্তা অভিযান, সশস্ত্র সংঘর্ষ, সড়ক অবরোধ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ পরিস্থিতিতে ওই অঞ্চলে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সম্ভাব্য সহিংসতা এড়াতে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।
২০২৫ সালে মেসা ফ্লোরেসকে এফবিআইয়ের সর্বাধিক ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সে সময় তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতনসহ গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়। এফবিআইয়ের তৎকালীন ভারপ্রাপ্ত পরিচালক ব্রায়ান ড্রিসকলের অভিযোগ ছিল, মেসা ফ্লোরেস ও তার সংগঠন মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদক পাচার করেছে।
যুক্তরাষ্ট্রে ২০১২ সালে প্রথম তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালে নতুন করে আরও অভিযোগ দায়ের করা হয়। ৪৪ বছর বয়সী এই মাদকসম্রাটের বিরুদ্ধে ২০০৫ থেকে ২০১৯ সালের মধ্যে বিপুল পরিমাণ কোকেন, হেরোইন, মেথামফেটামিন ও গাঁজা উৎপাদন এবং বিতরণের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
একসময় বেলত্রান লেইভা অর্গানাইজেশনের প্রভাবশালী সদস্য ছিলেন মেসা ফ্লোরেস। পরবর্তী সময়ে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর মধ্যে বিভক্তি ও সংঘাতের জেরে ২০১৩ সালের দিকে তিনি নিজস্ব মাদক পাচারকারী সংগঠন গড়ে তোলেন।
মার্কিন কর্মকর্তাদের মতে, তার সংগঠন সিনালোয়া কার্টেলের সঙ্গে একই অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংঘাতে জড়িত। ২০২৪ সালে মেক্সিকোর কর্তৃপক্ষ দুই কোটি ফেন্টানিল বড়ি জব্দ করার পর সেগুলোর সঙ্গে মেসা ফ্লোরেসের কার্টেলের সংশ্লিষ্টতার বিষয়টিও আলোচনায় আসে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর মাদক পাচার ও সংশ্লিষ্ট অপরাধ দমনে মেক্সিকোর ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম কার্টেলবিরোধী অভিযান জোরদার করেছেন।
মেক্সিকো মাদকবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী হলেও নিজেদের ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েনের বিরোধিতা করে আসছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান অঙ্গীকার হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ মাদকের প্রবেশ বন্ধ করা।
সূত্র: মূল প্রতিবেদন

দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন