প্রথম সমাচার ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা প্রযুক্তি খাতের শেয়ারে ধস এবং এআই-নির্ভর প্রবৃদ্ধির সম্ভাব্য অবসানের আশঙ্কার মুখে রয়েছেন। তবে ইয়ার্দেনি রিসার্চের মতে, চীনে ইতোমধ্যে এআই বুদ্বুদ ফেটে গেছে। সেখানে আরও বড় ধরনের বাজার ধস দেশটির অর্থনীতি এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য হুমকি হয়ে উঠেছে।
প্রযুক্তি খাতনির্ভর চীনের স্টার ৫০ সূচক (STAR 50) চলতি গ্রীষ্মে সর্বোচ্চ অবস্থান থেকে ৪৪ শতাংশ কমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে করোনা মহামারির শুরুর দিকের পর সবচেয়ে খারাপ সপ্তাহ পার হওয়ার পরও নাসডাক সূচক তার রেকর্ড সর্বোচ্চ অবস্থান থেকে ১৮ শতাংশ নিচে রয়েছে।
ইয়ার্দেনি রিসার্চ চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত এক নোটে বলেছে, বাজারের এই পরিস্থিতি অর্থনীতি নিয়ে সি চিন পিংয়ের পরিকল্পনায় বড় বাধা তৈরি করেছে। চলতি সপ্তাহে বিশ্বনেতাদের আতিথেয়তা করে চীনা নেতা যখন বেশ আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছেন, তখন শেয়ারবাজারের মন্দা তাঁর একটি পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলেছে। পরিকল্পনাটি হলো, চীনের সঞ্চয়কারীদের শেয়ারবাজারের বিনিয়োগকারীতে রূপান্তর করা, যাতে তাঁরা এআই অবকাঠামো গড়ে তোলার অর্থায়ন করতে পারেন এবং আবাসন খাতের ওপর নির্ভরতা কমানো যায়।
চীনে পরিবারের মোট সম্পদের প্রায় ৭০ শতাংশই আবাসন খাতে বিনিয়োগ করা। ঐতিহ্যগতভাবে সঞ্চয় জমা রাখার অন্যতম মাধ্যম ছিল এই খাত। কিন্তু আবাসন খাতের ধস ভোক্তাদের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলেছে, যার ফলে বিভিন্ন সময়ে মূল্যস্ফীতির পরিবর্তে মূল্যহ্রাসের পরিস্থিতিও তৈরি হয়েছে। ব্যবসায়িক বিনিয়োগও কমছে। অক্টোবরের তথ্য অনুযায়ী, আবাসন খাতে বিনিয়োগ প্রায় ২২ শতাংশ কমেছে।
দেশের অভ্যন্তরীণ বাজার এখনো দুর্বল থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে বেইজিংয়ের নির্ভরতা বেড়েছে বিপুল পরিমাণ সস্তা পণ্য রপ্তানির ওপর। একই সঙ্গে শেয়ারবাজারে অর্থের জোগান বাড়াতে রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট ব্যাংকগুলোর সমন্বয়ে গঠিত ‘ন্যাশনাল টিম’ বা জাতীয় দলকেও কাজে লাগাচ্ছে সরকার।
তবে ইয়ার্দেনি রিসার্চের মতে, তীব্র প্রতিযোগিতা, করের বোঝা বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, শুল্ক এবং চীনের বাণিজ্যিক অংশীদারদের অতি কম দামে বিক্রি করা পণ্য রপ্তানি আটকে দেওয়ার ঝুঁকিসহ বিভিন্ন কারণে চলতি বছর চীনের শেয়ারবাজারে ধস নেমেছে।
নোটে বলা হয়েছে, ‘এআই খাতে অর্থায়নের প্রবাহ অব্যাহত রাখতে সি চিন পিংয়ের একটি চাঙা শেয়ারবাজার প্রয়োজন। অন্যথায়, এআই খাতকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর (এসওই) পরিসরে অন্তর্ভুক্ত করার ঝুঁকি রয়েছে। ২০১৩ সাল থেকে তাঁর দল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিসর সংকুচিত করার অঙ্গীকার করে আসছে। এমনটি হলে বেসরকারি খাতের বিকাশের সুযোগ আরও সংকুচিত হবে।’
২০২০ সালে সি চিন পিংয়ের সরকার প্রযুক্তি খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের পর চীনের শেয়ারবাজার নিয়ে খুচরা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সুবিধা দেওয়া হয়, এমন একটি কারসাজিপূর্ণ ক্যাসিনোর মতো বাজার হিসেবে শেয়ারবাজারের পরিচিতিও পরিস্থিতি আরও কঠিন করেছে।
প্রকৃতপক্ষে, চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ছয় গুণ বেড়ে গেলেও সাংহাই কম্পোজিট সূচক এখনো ২০০৭ সালের অক্টোবরের সর্বোচ্চ অবস্থানের অনেক নিচে রয়েছে।
ইয়ার্দেনি আরও বলেছে, ২০১৫ সালের গ্রীষ্মে শেয়ারবাজারে ধসসহ বারবার বাজার বিপর্যয়ের কারণে অনেক পরিবারের মধ্যে এখন ‘আর্থিক পিটিএসডি’ বা আর্থিক খাতে দীর্ঘস্থায়ী মানসিক আঘাতের অভিজ্ঞতা তৈরি হয়েছে। ওই সময় পরিস্থিতি সামাল দিতে জাতীয় দলকে আগ্রাসীভাবে বাজারে হস্তক্ষেপ করতে হয়েছিল।
নিশ্চিতভাবেই, এআই খাতে চীন এখনো বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীরাই এখনো দেশটির শেয়ারবাজারের অধিকাংশ লেনদেন পরিচালনা করেন। তবে তাঁরা অবসরের জন্য সঞ্চয় বাড়ানোর ক্ষেত্র হিসেবে নয়, বরং উচ্চ ঝুঁকির জুয়াখেলার মতো করেই বাজারটিকে বিবেচনা করেন।
ইয়ার্দেনি সতর্ক করে বলেছে, ‘তবু এটি সি চিন পিংয়ের জন্য প্রকৃত বিপদের মুহূর্ত। এআই বুদ্বুদ ফেটে গেলে শুধু সম্পদের মূল্য কমবে না কিংবা প্রযুক্তিগত মর্যাদায় আঘাত আসবে না। বরং শেয়ারবাজারনির্ভর অর্থনৈতিক মডেলের মাধ্যমে ভেঙে পড়া আবাসন মডেলের বিকল্প গড়ে তোলার বেইজিংয়ের প্রচেষ্টাও দুর্বল হয়ে পড়বে।’
ইয়ার্দেনির নোটে আরও বলা হয়েছে, ‘চীন বিশ্বমানের এআই মডেল তৈরি করতে পারে, প্রকৌশলী প্রশিক্ষণ দিতে পারে এবং চিপ খাতে শত শত কোটি ডলার ব্যয় করতে পারে। কিন্তু দেশটির পরিবারগুলো যদি এখনো সাংহাইয়ের শেয়ারবাজারকে এমন একটি ক্যাসিনো হিসেবে দেখে, যেখানে পলিটব্যুরো নির্ধারিত নিয়মে জয়ের সম্ভাবনা ঠিক করা হয়, তাহলে ওয়াল স্ট্রিটের আদলে চীনা শেয়ারবাজার গড়ে তোলার সি চিন পিংয়ের স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যেতে পারে।’
বেইজিংয়ের কাছে বিষয়টির গুরুত্ব তুলে ধরে চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত স্টেট কাউন্সিলের এক নির্বাহী বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছিলেন, বছরের বাকি সময়ের জন্য পুঁজিবাজার স্থিতিশীল রাখাই হবে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
সূত্র: মূল প্রতিবেদন
