প্রথম সমাচার ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন তফসিল ঘোষণা এবং সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে টানা ছয় দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের একটি অংশ। এরই মধ্যে কর্মসূচিতে অংশ নেয়া এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।
‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সামনে এ কর্মসূচি চলছে। রোববার (২২ নভেম্বর) ষষ্ঠ দিনের মতো সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা।
এদিকে টানা অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়া ওই শিক্ষার্থীর নাম আলি ইমরান জিহাদ। তিনি ‘মঞ্চ ২৪’-এর সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আন্দোলনকারীদের সদস্যসচিব আরিফ আলভি জানান, রোববার সকালে তাদের সহযোদ্ধা জিহাদ অসুস্থ হয়ে পড়লে উপাচার্যের সহকারী মেডিকেল সেন্টার থেকে চিকিৎসক নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে স্যালাইন দেয়ার পরামর্শ দেন। তবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্যালাইন দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আরিফ আলভি বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ছয় দিন ধরে আমরা এখানে অবস্থান করছি। রাতও কাটাচ্ছি। শারীরিক কষ্ট হচ্ছে, তারপরও দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি থেকে সরে যাওয়ার পরিকল্পনা নেই।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা তাদের সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। তবে উপাচার্য ও দুই উপ-উপাচার্যের কাছ থেকে তারা প্রত্যাশিত আন্তরিকতা পাননি।
এদিকে আন্দোলনকারীদের কর্মসূচি নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম। তিনি বলেন, ‘আন্দোলনেরও একটি ধরন আছে। একবার গিয়ে আবার অবস্থান ধর্মঘট করে? তারা কথা বলছেন, আমরাও বলছি। বাংলাদেশের অন্য কোথাও এমনটা হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়েই দেখি, গুটিকয়েক শিক্ষার্থী বারবার বিভিন্ন ইস্যুতে ক্যাম্পাসে এ ধরনের কর্মসূচি পালন করছেন।’
উল্লেখ্য, রাকসুর নতুন নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে গত ১৬ নভেম্বর সংবাদ সম্মেলন করে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতারা। পরদিন ১৭ নভেম্বর থেকে প্রশাসন ভবনের সামনে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়। এমআই/বার্তা বাজার
সূত্র: মূল প্রতিবেদন

পরিচয় দেন ছাত্রদল নেতা, গোপালগঞ্জে বাস আটকে যাত্রীদের দেওয়ালেন ‘জয় বাংলা’ স্লোগান