রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

মানবাধিকার লঙ্ঘন এড়াতে রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করছে সরকার : ইশরাক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

২০২৪ সালের মতো হত্যাকাণ্ড কিংবা সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করতে চায় না সরকার। এ কারণেই নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সহিংসতার পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

রোববার (২২ নভেম্বর) ঢাকা-৬ আসনে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ভারতে আশ্রয় নেওয়া পতিত ফ্যাসিবাদীরা অতীতে বাংলাদেশের জনগণের অর্থ-সম্পদ লুটপাট করেছে। এখন সেই অর্থ কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এমনকি প্রয়োজনে সরকারকে চাপে ফেলার পরিকল্পনাও করছে তারা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ কারণে দেশের প্রচলিত আইন ও আন্তর্জাতিক আইন অনুযায়ী দলটির রাজনীতি করার সুযোগ নেই। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ভবিষ্যতে আদালতের সিদ্ধান্তে দলটির রাজনৈতিক অস্তিত্ব থাকবে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। এমন পরিস্থিতিতে অবৈধভাবে অর্জিত অর্থ বিনিয়োগ করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হচ্ছে।

ইশরাকের দাবি, লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের মনোবল বাড়াতেও এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে এখনো ফ্যাসিবাদের সহযোগীরা সক্রিয় রয়েছে। তাদের আশঙ্কা, বর্তমান সরকার স্থিতিশীল হলে তারাও বিচারের মুখোমুখি হতে পারে। এ কারণে এসব কর্মকাণ্ডে তাদের ইন্ধন ও সমর্থন রয়েছে।

বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশটি সবসময় বাংলাদেশকে নিজেদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি অব্যাহত থাকুক, সেটিই তাদের প্রত্যাশা।

পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে ইশরাক বলেন, অনেকেই জানতে চাইছেন, পুলিশ কেন কঠোর পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু সরকার ২০২৪ সালের জুলাই-আগস্টের মতো হত্যাকাণ্ড কিংবা সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের হত্যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের পথে যেতে চায় না। এ কারণেই সরকার সহনশীল অবস্থান বজায় রেখে রাজনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

অবস্থান কর্মসূচি শেষে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন ইশরাক হোসেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com