প্রথম সমাচার ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সারা দেশে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার (২২ নভেম্বর) বিকালে শহরের মনিহার এলাকা থেকে স্থানীয় সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনার অনুসারীরা গোপালগঞ্জে সাধারণ মানুষের বাড়িঘর ও থানায় লুটপাট চালিয়েছে এবং তিনজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ কিংবা ককটেল ফাটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না।
বক্তারা আরও বলেন, বিগত ১৭ বছর যশোরসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল; তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে নেতারা বলেন, পাড়া-মহল্লায় সবাইকে সজাগ থাকতে হবে। অপশক্তির সঙ্গে কোনো আপস নেই; তারা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
সূত্র: মূল প্রতিবেদন

জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের