প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি রেস্তোরাঁর গ্যাসের পাইপলাইন মেরামতকাজের সময় বিস্ফোরণ ঘটে আগুনে পাঁচজন কর্মচারী ও একজন মিস্ত্রি দগ্ধ হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালবাগের ‘কাচ্চি খানাস’ নামক রেস্টুরেন্টে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন পলাশ (৪২), নয়ন (২৬), রবিন (২৪), নয়ন (২৪), নিরব (২৫) ও জনি (১৮)। এদের মধ্যে পলাশ ছাড়া সবাই ওই রেস্টুরেন্টের কর্মচারী।
তারা ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সেখানকার আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
আহত নয়ন শিকদার বলেন, তাদের রেস্তোরাঁয় গ্যাস পাইপলাইন মেরামতের কাজ করছিলেন পলাশ। তিনি গ্যাস লাইনের চাবিটি খোলা রেখেছিলেন, যার ফলে পুরো ঘরে গ্যাস জমে যায়। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি লাইন পরীক্ষার করার জন্য আগুন জ্বাললে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চারদিকে আগুন ধরে যায়। এতে মিস্ত্রি পলাশসহ আমরা পাঁচজন কর্মচারী দগ্ধ হই। পরে সহকর্মীরা আমাদের উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসেন।
চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, লালবাগ কাচ্চি খানাস রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এখানে ছয়জন এসেছে, তাদের মধ্যে নয়ন মোল্লার শরীরে ১২ শতাংশ দগ্ধ, পলাশের ২৬ শতাংশ দগ্ধ, জনির ৫ শতাংশ দগ্ধ, রবিনের শরীরে ৩ শতাংশ দগ্ধ, নয়ন শিকদারের শরীরে ৫ শতাংশ দগ্ধ ও নিরবের (এপিডার্মাল বার্ন) (ত্বকের উপরিভাগের দগ্ধতা)।
দগ্ধ ছয়জনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি পাঁচজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি।
সূত্র: মূল প্রতিবেদন
