প্রথম সমাচার ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে লাগা আগুনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের একটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড তাপে ৩৪ নম্বর পিলারের কংক্রিট খসে পড়ে ভেতরের রড বেরিয়ে এসেছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে ওই পিলারের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশনসংলগ্ন প্যারাডাইস সিটি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে কারখানা ও মার্কেটের মালামাল পুড়ে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ রেল অবকাঠামোর পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ৩টার দিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ৩৪ নম্বর পিলারসংলগ্ন একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে আগুন লাগে। ওই পিলারের নিচেও কারখানার কিছু মালামাল স্তূপ করে রাখা ছিল। আগুন ছড়িয়ে পড়ার একপর্যায়ে সেসব মালামালেও আগুন ধরে যায়। একই সঙ্গে পিলারের পাশের কারখানায় জ্বলতে থাকা আগুনের প্রচণ্ড তাপ সরাসরি পিলারটির ওপর পড়ে। দীর্ঘ সময় আগুন ও তাপের সংস্পর্শে থাকায় পিলারের কংক্রিটের ঢালাইয়ের বিভিন্ন অংশ খসে পড়ে। কোথাও কংক্রিট উঠে গিয়ে ভেতরের রড বেরিয়ে আসে।
মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম চালানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কারখানা ও মার্কেটের মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরিফিন এশিয়া পোস্টকে বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা প্রশাসকের নির্দেশনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অগ্নিকাণ্ডের পর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ৩৪ নম্বর পিলারের কংক্রিট ক্ষতিগ্রস্ত এবং ভেতরের রড বেরিয়ে আসার বিষয়টি সামনে আসে। বিষয়টি জানার পর রেল চলাচলের নিরাপত্তা বিবেচনায় ওই অংশে ট্রেনের গতিসীমা কমিয়ে দেওয়া হয়।
গত শনিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. সুবক্তগীনসহ প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত পিলারটি পরিদর্শন করেন। এ সময় পিলারের ক্ষয়ক্ষতির অবস্থা এবং রেল চলাচলের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়।
তবে পিলার ক্ষতিগ্রস্ত হলেও ওই পথে ট্রেন চলাচল বন্ধ করা হয়নি। নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত ৩৪ নম্বর পিলারের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা বহাল রয়েছে।
একটি অগ্নিকাণ্ডে কারখানা ও মার্কেটের মালামাল পুড়ে যাওয়ার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ অবকাঠামোর পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে পিলারের কংক্রিটের ঢালাই খসে ভেতরের রড বেরিয়ে আসায় এর কাঠামোগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে । আগুনের তাপে পিলারটির কতটা ক্ষতি হয়েছে, এবং রেল চলাচলের জন্য কতটা নিরাপদ সেটি এখন দেখার বিষয়।
সূত্র: মূল প্রতিবেদন
