বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

গ্রামের বাড়ির পথে অভিনেতা সোহেল খানের মরদেহ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের উদ্দেশে রওনা হয়।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস আলিম মাদ্রাসায় গোসল শেষে সোহেল খানের মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার দাফন সম্পন্ন হবে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে হোটেলে নাশতা করেন সোহেল খান। এরপর শুটিংয়ের প্রস্তুতি নিতে নিজের কক্ষে যান। সকাল ১০টার দিকে শুটিংয়ের জন্য বের হওয়ার কথা ছিল তার। এর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সিনেমার শুটিং ইউনিটের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। নির্বাহী প্রযোজক জিল্লুর রহমানের ভাষ্য অনুযায়ী, সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকাহত সিনেমাটির নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল। তিনি বলেন, ‘বলার তো ভাষা নাই। ও আমার এত ঘনিষ্ঠ বন্ধু ছিল যে সকালবেলা যখন খবরটা পাই, তখন বিশ্বাস করতে পারিনি। গত রাতে ওর সঙ্গে অনেক হাসাহাসি, ফাইজলামি করেছি। আমার ছেলেকে খুব আদর-যত্ন করে বিদায় নিয়ে গেল। সকালে ঘুম থেকে ওঠার আগেই এই ঘটনা ঘটে। পরে ফোন করে জানানো হয়, সোহেল হাসপাতালে। পরে শুনলাম, হার্ট অ্যাটাক করে মারা গেছে। এসে তার মরদেহ দেখলাম। এটা আমার জন্য অনেক বড় একটা ধাক্কা।’

সিনেমাটির নির্বাহী প্রযোজক জিল্লুর রহমান বলেন, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে নাশতা শেষে সোহেল খান নিজের কক্ষে যান প্রস্তুতি নিতে। সেখানে হঠাৎ অসুস্থ বোধ করলে ইউনিটের দুই-তিনজন সদস্য তাকে গাড়িতে করে টিএমএসএস হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার বড় ছেলের সঙ্গে কথা হয়েছে। ঢাকার ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।

সিনেমাটির প্রধান সহকারী পরিচালক রবিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তারা একসঙ্গে নাশতা করেন। এরপর সকাল ১০টার দিকে শুটিংয়ের জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি চলছিল। সোহেল খানকে মেকআপ নিতে বললে তিনি পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে প্রস্তুত হওয়ার কথা জানান। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

রবিন আরও বলেন, ১৮ নভেম্বর থেকে সোহেল খান তাদের সঙ্গে শুটিং করছিলেন। এর আগে কখনো অসুস্থতার কথা জানাননি। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। ফজরের নামাজ শেষে সবার আগে ঘুম থেকে উঠতেন। মঙ্গলবার সকাল ১০টায় অভিনেতা মুকেশ ঋষির সঙ্গে তার একটি দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। কিছু কাজ বাকি থাকতেই তাকে হারাতে হলো।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে এক সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে তিনি বিষয়টি খোঁজ নেন। সোহেল খান ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য শহরের মম ইন হোটেলে অবস্থান করছিলেন। সকালে নাশতার সময় অসুস্থ বোধ করায় কক্ষে ফিরে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com