বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

জ্বালানিবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড: অন্তত ৩১ জনের মৃত্যু

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মিশরের গিজা গভর্নরেটে পেট্রোলিয়াম পণ্যবাহী একটি ট্যাঙ্কার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

বুধবার কায়রোর রিং রোডের কাছে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বেশ কয়েকটি যানবাহন পুড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

মিশরীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার মিশরের গিজা গভর্নরেটে পেট্রোলিয়াম পণ্যবাহী একটি ট্যাঙ্কার ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে অন্তত ৩১ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

মিশরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কায়রোর রিং রোডের কাছে ইমবাবা এলাকার ওয়াররাক অঞ্চলে ১০ নম্বর টানেলের ওপর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মন্ত্রণালয় আরও জানায়, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং আহতদের তিনটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেলগাফফার নিকটস্থ হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি নিজে দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলো পরিদর্শন করে উদ্ধারকাজ ও চিকিৎসা কার্যক্রম তদারকি করেছেন।

মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি মালিকানাধীন ট্যাঙ্কারটি রাস্তা থেকে ছিটকে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এবং এরপরই তাতে বিস্ফোরণ ঘটে।

মিশরীয় প্রসিকিউটররা জানিয়েছেন, পেট্রোলিয়াম পণ্যবাহী ট্যাঙ্কারটির দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা দুর্ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের সাক্ষাৎকার নিচ্ছেন এবং নিহতদের মরদেহ পরীক্ষা করছেন।

প্রসিকিউটরদের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে গাড়ি ও মোটরসাইকেলসহ মোট ২৭টি যানবাহন পুড়ে ধ্বংস হয়ে গেছে।

এছাড়া, যাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, এমন দুজন ভুক্তভোগীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন প্রসিকিউটররা। দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্তকারীরা ধ্বংসাবশেষ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং দুর্ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখছেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com