প্রথম সমাচার ডেস্ক:
হত্যা, গুম ও খুনসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িতদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন নেত্রকোনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ জোহর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেত্রকোনা জেলা জামায়াতের উদ্যোগে বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি মো. বদরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে ছাদেক আহমাদ হারিছ বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে হত্যা, গুম, খুন ও নানা ধরনের সহিংসতার অভিযোগ রয়েছে। যারা অন্যায়ভাবে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা ও নাশকতার অভিযোগ উঠছে। বিশেষ করে গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে জেলা জামায়াতের আমির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে, অন্যথায় তাঁকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে সারা দেশে নাশকতা ও সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় সরকারের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে আসতে পারে বলেও সতর্ক করেন।
সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের নিন্দা জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি ও মিডিয়া সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য মো. ইউসুফ, পৌর জামায়াতের আমির মো. দেলোয়ার হোসেন সাইফুল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহ, জেলা ইউনিট সদস্য ডা. আবুল হোসেন তালুকদারসহ সহস্রাধিক নেতাকর্মী।
সূত্র: মূল প্রতিবেদন

আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর