বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দুই দফা ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দুই দফা ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে প্রথম দফায় ককটেল নিক্ষেপের পর বিকেলে কারারক্ষীদের আবাসিক ভবন লক্ষ্য করে দ্বিতীয় দফায় ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। দুটি ঘটনায় কেউ হতাহত না হলেও কারাগার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কারাগারের পূর্ব-দক্ষিণ পাশের প্রাচীরের ওপর দিয়ে টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলটি গাছে লেগে কারারক্ষীদের আবাসিক ভবনের চালে পড়ে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ধারণা, কারাগারের দক্ষিণ পাশে জেলখানা মোড় এলাকায় শশী অটো হাউজের পাশের একটি ফাঁকা জায়গা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে। জায়গাটি পরিত্যক্ত ও জনশূন্য হলেও পাশের সড়কটি ব্যস্ততম এবং হাউজিং এস্টেটে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। ঘটনার পর পুলিশ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সেসব ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী ফারুক ইসলাম কর্নেল বলেন, ‘আমরা বসে চা খাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। শশী মোটর হাউজের পেছনে বিস্ফোরণটি ঘটে। এরপর প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়।’

শশী মোটর হাউজের কর্মচারী সাকিব বলেন, ‘আমরা হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। ভয়ে আতঙ্কে কিছু দেখার সাহস পাইনি।’

কারারক্ষী তরিকুল ইসলাম বলেন, ‘আমরা আবাসিক এলাকায় বিশ্রাম নিচ্ছিলাম। এ সময় বিকট শব্দ হয়। বলের মতো টেপ দিয়ে মোড়ানো বোমাটি গাছে ও চালের ওপর পড়ে।’

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বলেন, সড়কের ওপর থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বোমাটি গাছে লেগে আবাসিক ভবনের চালে পড়ে বিস্ফোরিত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, জেলা কারাগারে আবারও ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। সড়কের ওপর নিক্ষেপ করা বোমাটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

প্রথম ঘটনার পর কারা কর্তৃপক্ষ কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পরবর্তী সময়ে জেল সুপার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই দিনে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনায় কারাগারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com