বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

দুই জোড়া মুরগি থেকে খামার, জাতীয় পদক পেলেন রাজবাড়ীর জাহাঙ্গীর

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

জাতীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে রৌপ্য পদক পেয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ ফেন্সি আইটেম ক্যাটাগরিতে এ পুরস্কার অর্জন করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে পদকটি তুলে দেন। প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ ও রৌপ্য পদক দেওয়া হয়।

জাহাঙ্গীর হোসেন রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামের বাসিন্দা। তিনি ‘ইত্যাদি ফেন্সি জোন’-এর স্বত্বাধিকারী। তার খামারের নাম ‘কালুখালী ফ্যান্সি মুরগির খামার’।

পদক পাওয়ার পর জাহাঙ্গীর হোসেন বলেন, একসময় শখের বশে দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে আমার খামারের যাত্রা শুরু হয়েছিল। নানা প্রতিকূলতা ও পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে এসেছি। জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এই অর্জন আমার কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও ভালো কিছু করতে চাই।

এদিকে খামার গড়ে তোলার পেছনে জাহাঙ্গীরের রয়েছে সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প। ভাগ্য পরিবর্তনের আশায় ইউরোপে যাওয়ার চেষ্টা করে দালালের প্রতারণার শিকার হন জাহাঙ্গীর। পরে জীবিকার সন্ধানে ভারতের চেন্নাইয়ে একটি মুরগির খামারে কাজ নেন। সেখানে বিদেশি জাতের মুরগি পালনের প্রতি আগ্রহ তৈরি হয় তার।

দেশে ফেরার সময় উপহার হিসেবে পাওয়া দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে নিজের খামারের যাত্রা শুরু করেন তিনি। প্রথমে শখের বশে পালন করলেও একপর্যায়ে সেটিই রূপ নেয় বাণিজ্যিক উদ্যোগে।

বর্তমানে তার খামারে বিদেশি জাতের বিভিন্ন প্রজাতির মুরগির পাশাপাশি রয়েছে ময়ূর, বিদেশি হাঁস ও নানা ধরনের পাখি। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য খামারে স্থাপন করেছেন ইনকিউবেটরও। শখকে কাজে লাগিয়ে গড়ে তোলা এই উদ্যোগই তাকে এনে দিয়েছে জাতীয় পর্যায়ের স্বীকৃতি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com