প্রথম সমাচার ডেস্ক:
চট্টগ্রাম নগরের শাহ আমানত (রহ.) মাজারে ককটেল বিস্ফোরণের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জেল রোডে মাজারের সামনের উঠান থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আব্দুল আল মামুন ছোটন (২৯) ও আশরাফুল ইসমাইল ইচনান (২৪)। তারা চান্দগাঁও ও পাঁচলাইশ থানা ছাত্রলীগের সংগঠক বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাজারের উঠানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই দুই ব্যক্তি। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে মাজারের লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেলসহ তাদের আটক করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার নির্দেশে ককটেল নিয়ে মাজারে যাওয়ার কথা জানিয়েছেন বলে এক কর্মকর্তা জানান। তবে ওই নেতার পরিচয় এবং কী উদ্দেশ্যে তাদের পাঠানো হয়েছিল, তা যাচাই করা হচ্ছে।
ওসি জাহেদুল কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে তারা ককটেল নিয়ে মাজারে এসেছিলেন। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শাহ আমানত (রহ.) মাজারের পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।
সূত্র: মূল প্রতিবেদন
