শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

টেস্টের দুঃস্বপ্ন ভুলে ওয়ানডে সিরিজ জিততে চান ইয়াসির

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট পর্বটা বাংলাদেশের জন্য ছিল রীতিমতো দুঃস্বপ্নের মতো। দুই ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়েছে টাইগাররা। তবে সেই ব্যর্থতার রেশ ওয়ানডে সিরিজে টেনে নিতে চান না ইয়াসির আলী রাব্বি। বরং চার বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এই ব্যাটার।

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২-১ ব্যবধানে জেতা সেই সিরিজের প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইয়াসির। সেঞ্চুরিয়নে ৪৪ বলে ৫০ রান করার পাশাপাশি সাকিব আল হাসানের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েছিলেন ১১৫ রানের জুটি। ওই ম্যাচে ৩৮ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

চার বছর পর আবারও দক্ষিণ আফ্রিকায় ফিরে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চান ইয়াসির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি বলেন, ‘সর্বশেষ যখন আমরা দক্ষিণ আফ্রিকায় এসেছিলাম, তখন ওয়ানডে সিরিজ জিতেছিলাম। আমিও দলের জন্য অবদান রাখতে পেরেছিলাম। অবশ্যই সেটা আমাদের অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জোগাবে। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব।’

ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়ানডে দলে ফিরেছেন ইয়াসির। সাত ম্যাচে ৬৯ গড়ে ২০৭ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ২০২৩ সালের পর আবারও ওয়ানডে দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত তিনি।

প্রত্যাবর্তনের অনুভূতি জানাতে গিয়ে ইয়াসির বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিন পর ওয়ানডে দলে ফিরতে পেরে খুব ভালো লাগছে। সব সময় আশা ও বিশ্বাস ছিল, আবারও জাতীয় দলে ফিরব। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এবং দেশের জন্য কিছু করার সুযোগ পাব।’

আগামী বছর দক্ষিণ আফ্রিকাসহ তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তবে এখনই বিশ্বকাপ নিয়ে ভাবতে চান না ইয়াসির। আপাতত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজেই পুরো মনোযোগ দিতে চান তিনি।

টেস্টের ব্যর্থতা নিয়েও পড়ে থাকতে নারাজ এই ব্যাটার। ইয়াসির বলেন, ‘টেস্ট সিরিজে যা হয়েছে, সেটা অতীত। এখন আমাদের মনোযোগ ওয়ানডে সিরিজে। আমরা দল হিসেবে একসঙ্গে থাকার চেষ্টা করব এবং বাংলাদেশের জন্য সিরিজ জিততে নিজেদের সেরাটা দেব।’

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও আত্মবিশ্বাস জোগাচ্ছে ইয়াসিরকে। তার বিশ্বাস, বর্তমান দলের সামর্থ্য রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবারও সিরিজ জেতার।

আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ সিরিজের বাকি দুটি ম্যাচ খেলবে ৪ ও ৭ ডিসেম্বর।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com