শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

মুন্সীগঞ্জে পুলিশের অভিযান, অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি ওয়ান শুটার গান, ২৩ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ ও চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতভর মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন মাকুহাটি গ্রামের মৃত মোশারফের ছেলে নবু (৫০), চরডুমুরিয়া গ্রামের জজ মিয়ার ছেলে শরিফ খান (৪৬), একই গ্রামের মৃত মোফাজ্জল বেপারীর ছেলে আমির হোসেন (৩৮), কংশপুরা গ্রামের মৃত বদরদ্দীন হাজীর ছেলে জসিম হাজী (৩৮) এবং একই গ্রামের মৃত হাসমত বেপারীর ছেলে আবু সাঈদ (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার নবুর কাছ থেকে একটি ওয়ান শুটার গান এবং অন্য আসামিদের কাছ থেকে ২৩ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া ওই এলাকার বিভিন্ন স্থান থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে মোল্লাকান্দির চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে সেলিম নামে একজন নিহত হন। ককটেলের স্প্লিন্টারে চার বছর বয়সি শিশু আব্দুর রহিম গুরুতর আহত হয়। এ ছাড়া আলমগীর দালাল (৪০) নামে একজন নদীতে নিখোঁজ রয়েছেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com