শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

চীনের সানইউয়ানলি যেন এক টুকরো বাংলাদেশ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চীনের গুয়াংজু শহরের সানইউয়ানলি। বহুজাতিক ব্যবসায়ীদের আনাগোনায় মুখর এ এলাকা। কোথাও সারি সারি দোকানে সাজানো ব্যাগ, জুতা ও পোশাক; কোথাও প্রসাধনী কিংবা নিত্যব্যবহার্য পণ্যের পসরা। ক্রেতাদের কেউ পণ্যের মান যাচাই করছেন, কেউ দরদাম করছেন, আবার কেউ সরবরাহকারীর সঙ্গে চূড়ান্ত করছেন বাণিজ্যিক চুক্তি। এই ব্যস্ত বাজারের মধ্যেই খুঁজে পাওয়া যায় বাংলাদেশের পরিচিত মুখ, বাংলা ভাষা আর দেশীয় খাবারের ঘ্রাণ।

সানইউয়ানলি এখন শুধু পণ্য কেনাবেচার বাণিজ্যিক এলাকা নয়, চীনে আসা বাংলাদেশি ব্যবসায়ীদের যোগাযোগ ও পরিচিতি তৈরিরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে রয়েছে বাংলাদেশিদের পরিচালিত খাবারের হোটেল, সুপারশপ ও বিভিন্ন পণ্যের দোকান। ব্যবসার প্রয়োজনে আসা বাংলাদেশিরা এসব প্রতিষ্ঠানে বসে যেমন কেনাকাটা করেন, তেমনি নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং নতুন ব্যবসার সম্ভাবনা খোঁজেন।

এ এলাকার বাংলাদেশি উদ্যোক্তাদের গল্পে উঠে আসে সম্ভাবনা ও সংগ্রামের দুই চিত্র। কেউ দীর্ঘদিনের অভিজ্ঞতায় প্রতিষ্ঠিত হয়েছেন, কেউ আবার নতুন করে বিনিয়োগের পথ খুঁজছেন। তবে সবার কথায় একটি বিষয় স্পষ্ট চীনের বাজারে ব্যবসা করতে হলে পুঁজির পাশাপাশি প্রয়োজন সঠিক পরিকল্পনা, বাজার সম্পর্কে ধারণা এবং স্থানীয় নিয়মকানুনের জ্ঞান।

সানইউয়ানলির বাংলাদেশি উদ্যোক্তাদের একজন আব্দুল্লাহ আল মামুন। তার বাড়ি গাইবান্ধায়। দুবাইয়ে দীর্ঘ প্রবাসজীবন কাটানোর পর পাঁচ বছর আগে গুয়াংজুতে ব্যবসা শুরু করেন তিনি। বর্তমানে ‘স্বপ্ন সুপারশপ’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানে কাজ করছেন দুজন বাংলাদেশি কর্মচারী।

মামুনের মতে, বিদেশের মাটিতে ব্যবসা প্রতিষ্ঠা করা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা ততটা নয়। কোন পণ্যের চাহিদা কেমন, ক্রেতারা কী ধরনের পণ্য পছন্দ করেন এবং স্থানীয় বাজারের নিয়মকানুন কী এসব বিষয় আগে থেকেই জেনে নেওয়া জরুরি।

তিনি বলেন, চীনে ব্যবসা শুরু করার আগে ব্যবসার ধরন নির্ধারণ করা জরুরি। কারণ, পণ্য আমদানি, খুচরা বিক্রি কিংবা খাবারের ব্যবসা প্রতিটি ক্ষেত্রেই প্রস্তুতি ও পরিচালনার পদ্ধতি আলাদা। বিশেষ করে সরবরাহকারী প্রতিষ্ঠানের পরিচয় ও বিশ্বাসযোগ্যতা যাচাই না করে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ।

মামুনের পরামর্শ, পণ্য কেনার আগে নমুনা পরীক্ষা, গুণগত মান, সরবরাহের সময় এবং অর্থ পরিশোধের শর্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যবসার জন্য প্রয়োজনীয় ভিসা, কোম্পানি নিবন্ধন, কর ও অন্যান্য আইনি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। দোকানভাড়া, কর্মীদের বেতন, পরিবহনসহ অন্যান্য ব্যয়ের হিসাবও শুরু থেকেই রাখতে হবে।

সানইউয়ানলির ব্যস্ত বাজারে দেশীয় খাবারের দোকানগুলোও বাংলাদেশিদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। দীর্ঘ সময় প্রবাসে থাকা মানুষের কাছে এসব হোটেল কেবল খাবারের জায়গা নয়, দেশের মানুষের সঙ্গে দেখা করার পরিচিত পরিসরও।

এমনই একটি প্রতিষ্ঠান রিজিক হোটেল। এর মালিক মো. শাহিন। তার বাড়ি বাংলাদেশে। তিনি জানান, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেশীয় খাবারের প্রতি আলাদা আগ্রহ রয়েছে। বিশেষ করে ব্যবসায়িক কাজে চীনে আসা ব্যক্তিরা পরিচিত খাবার এবং মাতৃভাষায় কথা বলার সুযোগ খোঁজেন।

শাহিনের ভাষ্য, বাংলাদেশি খাবারের চাহিদা থাকলেও রেস্তোরাঁ পরিচালনায় নানা ধরনের ব্যয় সামলাতে হয়। দোকানভাড়া, কর্মীদের বেতন ও অন্যান্য খরচের পাশাপাশি প্রতিদিনের ব্যবসা পরিচালনার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাই নতুন কেউ এ খাতে বিনিয়োগ করতে চাইলে আগে স্থানীয় বাজার ও ক্রেতাদের চাহিদা বুঝে নেওয়া উচিত।

সানইউয়ানলির একটি হোটেলে কর্মরত মাজহারুল ইসলাম বলেন, গুয়াংজুতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, শিক্ষার্থী ও চাকরিজীবীদের কাছে সানইউয়ানলি বেশ পরিচিত একটি মিলনকেন্দ্র। বিশেষ করে বাংলাদেশি ও হালাল খাবারের রেস্তোরাঁ থাকায় প্রতিদিনই এখানে বাংলাদেশিদের আনাগোনা দেখা যায়। ভিন্ন ভাষা ও সংস্কৃতির পরিবেশে দেশের মানুষের সঙ্গে কিছু সময় কাটানো, মাতৃভাষায় কথা বলা এবং দেশীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে এখানে। পাশাপাশি ব্যাগ, জুতা, পোশাক ও প্রসাধনীর বড় পাইকারি বাজার থাকায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরাও পণ্য সংগ্রহের জন্য এ এলাকায় আসেন।

সানইউয়ানলিতে বাংলাদেশিদের উপস্থিতি শুধু খাবারের দোকান কিংবা সুপারশপের মধ্যেই সীমাবদ্ধ নয়। চীন থেকে পণ্য সংগ্রহ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশে সরবরাহের কাজেও যুক্ত রয়েছেন অনেকে।

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবু হেনা মোস্তফা কামাল পান্না এ খাতের সঙ্গে সম্পৃক্ত। তার মতে, চীনের বাজারে পণ্যের বৈচিত্র্য ও সরবরাহের সুযোগ অনেক। তবে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্ভরযোগ্য সরবরাহকারী খুঁজে বের করা এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করা।

তিনি মনে করেন, শুধু কম দামে পণ্য পাওয়ার আশায় অর্ডার দেওয়া উচিত নয়। সরবরাহকারী প্রতিষ্ঠানের সক্ষমতা, পণ্যের মান ও সরবরাহের নির্ধারিত সময় যাচাই করা না হলে পরবর্তী সময়ে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে।

অন্যদিকে, নতুন উদ্যোক্তাদের কাছেও গুয়াংজুর বাজার বেশ আকর্ষণীয়। ঢাকা থেকে আসা আবুল হাসেম তাদের একজন। চীনে ব্যবসার সম্ভাবনা দেখতে এসে তিনি মনে করেন, এখানে সুযোগ থাকলেও বাজার সম্পর্কে না বুঝে বিনিয়োগ করা ঠিক হবে না।

আবুল হাসেম বলেন, কোন পণ্যের চাহিদা রয়েছে, কোথায় ভালো মানের পণ্য পাওয়া যায় এবং বাংলাদেশে আনতে পরিবহনসহ মোট খরচ কত হবে এসব হিসাব আগে করতে হবে। পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে চীনে ব্যবসা করছেন, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়াও নতুনদের জন্য সহায়ক হতে পারে।

ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশ থেকে গুয়াংজু এসেছিলেন ব্যবসায়ী মো. আহাদ হোসেন। বাংলাদেশে তার ব্যবসা মোবাইল ও ইন্টারনেট সরঞ্জাম নিয়ে। সানইউয়ানলিতে বাংলাদেশিদের উপস্থিতিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

আহাদের মতে, বিদেশের একটি অপরিচিত বাজারে নিজের দেশের মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকলে অনেক সমস্যার সমাধান সহজ হয়। বিশেষ করে পণ্য সংগ্রহ, সরবরাহকারী নির্বাচন এবং ব্যবসা পরিচালনার নানা বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ পাওয়া যায়। তবে পরিচিতজন থাকলেই ব্যবসায় সফলতা নিশ্চিত হয় না। স্থানীয় আইন, ভাষা, করব্যবস্থা এবং বাজারের প্রতিযোগিতা সম্পর্কেও জানতে হয়।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com