প্রথম সমাচার ডেস্ক:
চাঁদার টাকা না পেয়ে খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। প্রতিটি প্রতিষ্ঠানে এক রাউন্ড করে গুলি ছোড়া হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠের মিল ও পাশের একটি চানাচুর কারখানা লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে হঠাৎ বাজার এলাকার ওই তুষকাঠের মিলের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান হিসেবে পরিচিত নুরাজিম। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় মিলের লোকজন ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হননি।
একই এলাকায় শামসুর রহমানের মালিকানাধীন একটি চানাচুর কারখানাতেও দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল ওই বাহিনী। দাবিকৃত টাকা না পেয়ে শুক্রবার ভোরে বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। পরে তাঁরা ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এ গুলির ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। স্থানীয় লোকজন এ বিষয়ে মুখ খুলছেন না। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র: মূল প্রতিবেদন
