প্রথম সমাচার ডেস্ক:
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিশেষ করে কোনো কর্মী ‘আনফিট’ হওয়া সত্ত্বেও ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, কোনো ধরনের খরচ ছাড়াই (জিরো কস্ট) গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ তারিখে আরও একটি কর্মী দল পাঠানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশে থাকা প্রবাসীদের আইনি সহায়তা দিতে একটি ল ফার্ম গঠনের কাজ চলছে। যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হচ্ছে। এ ছাড়া বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, নিহত প্রত্যেক প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে জন্য শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান; দুই মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন। এ ছাড়া জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
সূত্র: মূল প্রতিবেদন
