প্রথম সমাচার ডেস্ক:
নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ মোল্যা (৫০) ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরহাদ মোল্যার সঙ্গে একই বংশের চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে নিজের জমিতে ধান কাটতে যান ফরহাদ মোল্যা। সকাল সাড়ে ৯টার দিকে ধান কাটার সময় পাশের একটি বাগানে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় দাউদ মোল্যা ও তার পক্ষের লোকজন লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে ফরহাদ মোল্যাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন দাউদ মোল্যা পক্ষের লোকজন। তাদের দাবি, ফরহাদ মোল্যা স্ট্রোকজনিত কারণে মারা গেছেন, তাকে কোনো ধরনের আঘাত করা হয়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: মূল প্রতিবেদন
