শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

সাতটির অনুমতি নিয়ে রক্তদহ বিলে কাটা হয়েছে ৫০ গাছ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মাছ, পাখির কলকাকলি আর সবুজে ঘেরা পরিবেশ—নওগাঁর রাণীনগর উপজেলার রক্তদহ বিলের পরিচিতি এমনই। প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই এখানে ছুটে আসেন বিভিন্ন এলাকার দর্শনার্থীরা। তবে পর্যটকদের আকর্ষণের অন্যতম অনুষঙ্গ সেই সবুজ প্রকৃতিই এখন হুমকির মুখে। বিলের পর্যটন এলাকার পশ্চিম পাশে প্রায় এক কিলোমিটারজুড়ে মেহগনি, ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, সেখানে মাত্র সাতটি গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছিল। তাহলে অনুমতির বাইরে বাকি গাছগুলো কাটল কারা?

নওগাঁর রাণীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের হাতিরপুল এলাকায় অবস্থিত রক্তদহ বিল। স্থানীয়ভাবে এটি উপজেলার অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে এশিয়া পোস্টকে জানান, দিনের আলোয় নয়, রাতের আঁধারেই ধীরে ধীরে কেটে নেওয়া হচ্ছে এসব গাছ। কোথাও গাছের গোড়া আংশিক কেটে রাখা হয়েছে, আবার কোথাও পুরো গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে চলতে থাকলে একসময় রক্তদহ বিলের চিরচেনা প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের।

সরেজমিনে দেখা যায়, পর্যটন এলাকার পশ্চিম অংশের প্রায় এক কিলোমিটারজুড়ে বিভিন্ন স্থানে কাটা গাছের গুঁড়ি ও ডালপালা পড়ে রয়েছে। কোথাও বড় গাছের গোড়া পড়ে আছে, আবার কোথাও গাছের গোড়া আংশিক কাটা অবস্থায় রয়েছে। সব মিলিয়ে প্রায় ৫০টি গাছ কাটার চিহ্ন দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে একের পর এক গাছ কেটে নেওয়া হচ্ছে। তাদের প্রশ্ন, কারা এসব গাছ কাটছে, কীভাবে কাঠ সরিয়ে নেওয়া হচ্ছে এবং এত দিনেও কেন তা বন্ধ করা যাচ্ছে না?

এশিয়া পোস্টের অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলামের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অনুমোদনে সাতটি গাছ কাটার সুযোগ দেওয়া হয়েছিল। তবে সরেজমিনে প্রায় ৫০টি গাছ কাটার চিত্র দেখা গেলেও অনুমোদনের বাইরে বাকি গাছগুলো কারা কেটেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শফিকুল ইসলামের ছেলে আব্দুস সামিদ এশিয়া পোস্টকে বলেন, তার বাবা সাতটি গাছ কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান এবং বিএমডিএর সহকারী প্রকৌশলী মো. ইমানুর রশিদ সাতটি গাছ কাটার অনুমোদন দেন। তবে অনুমোদিত সাতটি গাছের বাইরে বাকি গাছ কাটার সঙ্গে তার বাবার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

রক্তদহ বিলে ঘুরতে আসা দর্শনার্থী আলামিন বলেন, পরিবারের সদস্যদের নিয়ে বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন তিনি। এখানকার মাছ, পাখি ও সবুজ গাছপালাই পর্যটকদের মূল আকর্ষণ। কিন্তু যেভাবে একের পর এক গাছ কেটে ফেলা হচ্ছে, তা খুবই দুঃখজনক। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এখানে আর আগের মতো প্রাকৃতিক সৌন্দর্য থাকবে না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং গাছ কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান এশিয়া পোস্টকে বলেন, রক্তদহ বিলসংলগ্ন পাখিপল্লিতে রাতের আঁধারে ৫০টি গাছ কেটে নেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে কেউ অবৈধভাবে গাছ কেটে নিয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, গাছগুলোর রক্ষণাবেক্ষণের জন্য একটি সমিতি গঠন করা হয়েছে। সমিতির সদস্যদের দায়িত্ব পালনে কোনো গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সমিতির কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সাতটি গাছ কাটার অনুমতির বিষয়ে ইউএনও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজন বিবেচনায় স্পট অকশনের মাধ্যমে বিএমডিএর সহযোগিতায় স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলামকে সাতটি গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ৫০টি গাছ কাটার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো টেন্ডার বা নিলামের অনুমোদন দেওয়া হয়নি।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. ইমানুর রশিদ এশিয়া পোস্টকে বলেন, সাতটি গাছের বাইরে অন্য কোনো গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। এ ছাড়া অতিরিক্ত গাছ কাটার জন্য কোনো টেন্ডারও আহ্বান করা হয়নি। সরকারি অনুমতি ছাড়া এত বড় পরিসরে গাছ কাটার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য ছিল না।

তিনি আরও বলেন, বিষয়টি সামনে আসার পর প্রশাসনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। গাছপালা দেখভালের দায়িত্বে থাকা রক্ষণাবেক্ষণ কমিটির গাফিলতি কিংবা স্থানীয় কারও প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com