শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

‘ডাক্তার দেখালে ভালো হয়’ ফজলুর রহমানের পোস্টে শিশির মনিরের কমেন্ট

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের একটি টকশোর ভিডিও।

অন্যদিকে ফজলুর রহমান তার নিজের ভেরিফায়েড আকাউন্ট থেকে শেয়ার করা ওই ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির। সেখানে তিনি লিখেছেন, ‘ডাক্তার দেখালে ভালো হয়।’

এদিকে টকশোতে ফজলুর রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের কার্যক্রম, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-ভাঙচুর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

ওই টকশোতে ফজলুর রহমান বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি যদি কেউ আমাকে গুলি করে না মেরে না ফেলে, আমি সেদিনও কিন্তু বিএনপি যদি বিপদে পড়ে, আমি কিন্তু বিএনপির পক্ষে দাঁড়াবো। অন্যায়ভাবে বিএনপির উপরে কিছু করা যায়, আমি সেদিন দাঁড়াবো।

তিনি বলেন, ‘সরকার ধৈর্যশীল অবস্থান নিয়েছে, এটা সত্য কথা। কিন্তু দলগতভাবে যেমন আওয়ামী লীগ এই জায়গা থেকে আওয়ামী লীগ আক্রমণ করছে, বিএনপির জায়গা থেকে কিন্তু বিএনপিও আক্রমণ করছে। ঘটনা হচ্ছে, আওয়ামী লীগ যেমন বিএনপি দলীয় এমপিদের বাড়িতে বা অনেক নেতাকর্মীর বাড়িতে আগুন দিচ্ছে, ঠিক একইভাবে বিএনপির দলীয় নেতাকর্মীরাও তো আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন দিচ্ছে। তাহলে আমরা এককভাবে আওয়ামী লীগকে দায়ী করব, নাকি সরকারি দলসহ আওয়ামী লীগ সমানভাবে দায়ী?।

আওয়ামী লীগ নিষিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘আমার কথাটা বোঝার চেষ্টা করেন। নিষিদ্ধ দল কী করছে না করছে, সেটা সরকার আইনগতভাবে দমন করবে। কিন্তু যদি ছাত্রদল, যুবদলের নামে অথবা জামায়াত বা এনসিপির নামে কেউ কারও বাড়িতে আগুন দেয়, তারা তো নিষিদ্ধ না। তারা তো আইন মানতে বাধ্য, তারা তো আইনের মধ্যে আছে। তাদের ব্যাপারে তো সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, আমি এটা মনে করি।’

টকশোতে আইনজীবীদের ওপর হামলা, মারধর ও আদালতের ভেতরে হেনস্তার ঘটনাও তুলে ধরেন ফজলুর রহমান বলেন, ‘এই যে একজন-দুইজন সুপ্রিম কোর্টের উকিলকে এভাবে ধরে পুলিশের কাছে দিয়ে দেওয়া, অথবা একজনের পক্ষে সাবমিশন দিয়েছে বলে উকিল হয়েছে বলে তাকে রাস্তার মাঝে পিটিয়ে, কোর্টের ভিতরে নগ্ন করে ফেলা, এগুলো তো থেকে যাবে। কিন্তু আমি আপনাকে বললাম, এগুলো কিন্তু থেকে যাবে। এগুলো কেন বন্ধ করতে পারতেন না? যারা করছে, তাদের কেন গ্রেপ্তার করে শাস্তি দিতে পারছে না? আমি এটা বলি, যেই হোক, সে কে, সে কারা, যেদিন আসবে, তাদের খুঁজে পাওয়া যাবে না। আমি বলে দিলাম। কিন্তু আমি ফজলুর রহমান থাকব।’

বিএনপির প্রতি নিজের অবস্থান তুলে ধরে এ সংসদ সদস্য বলেন, ‘যদি কেউ গুলি করে না মেরে ফেলে আমাকে, স্বাধীনতাবিরোধী শক্তি যদি কেউ আমাকে গুলি করে না মেরে না ফেলে, আমি সেদিনও কিন্তু বিএনপি যদি বিপদে পড়ে, আমি কিন্তু বিএনপির পক্ষে দাঁড়াবো। অন্যায়ভাবে বিএনপির উপরে কিছু করা যায়, আমি সেদিন দাঁড়াবো। কিন্তু তারা অনেকেই থাকবে না। আজকে যারা এসব করছে, এই সন্ত্রাসীপনা যারা করছে, এগুলো দেখা যায় না চোখে। এদেরকে কেন বিরত করে না সরকার, আমি এটা বুঝি না। এদেরকে কেন গ্রেপ্তার করে না?।’ ‘এরা কারা’ এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমি তো এদের ইতিহাস দেখছি। এদের তো জন্মের ইতিহাসটা খুব, খুবই, মানে কী বলব, অত সমৃদ্ধ কোনো ইতিহাস না। রাজনৈতিক ইতিহাসও তাদের সমৃদ্ধ না, অর্থনৈতিক ইতিহাসও তাদের সমৃদ্ধ না। অনেক দেখা যায়, এলাকায় টাউট ছিল, পাটপট ছিল, গরু চোর ছিল, মামলা হয়েছে, এখানে সব নেতা হয়ে গেছে। এগুলোর তো খোঁজ নেওয়া দরকার। তারা মনে করছে, এখানে এই একজনের গায়ে হাত দিতে পারলেই সরকার খুব খুশি হয়। তাহলে সরকার তো এই দায়িত্বটা নিতে হবে, তা না হলে তাকে বন্ধ করতে হবে। আমি এটা মনে করি।’

ফজলুর রহমান বলেন, ‘তাহলে আইনের শাসন কোথায়? শুধু আমরা যেটি শুনছি সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগ যেসব খারাপ কাজ করছে, হত্যাকাণ্ড বলি কিংবা বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া বলি, নিঃসন্দেহে আমরা এগুলো সমর্থন করতে পারি না। এবং আপনি নিজেই বলেন যে তারা তো নিষিদ্ধ এবং তারা আইনের মধ্যেই বেআইনি কাজ করছে। তাহলে সরকার যেখানে সহনশীল আচরণ করছে, সরকারের দুর্বলতা আসলে কোথায়? কেন? মানে সরকার কি একচোখা আইন প্রয়োগ করছে যে অন্য কেউ করলে তার বিরুদ্ধে আইন, নিজের দলের লোকজন সন্ত্রাস করলে সেক্ষেত্রে তারা আইনের ঊর্ধ্বে?।’

ভিডিওর শেষে তিনি বলেন, ‘আমি কথাটা আবারও বলি, যারা নিষিদ্ধ তারা কী করবে, এটা সরকার কঠোর হাতে দমন করবে। নিষিদ্ধ যারা, কিন্তু যারা নিষিদ্ধ না, তারা তো কনস্টিটিউশনের পক্ষে, সংবিধানের পক্ষে, আইনের পক্ষে কাজ করবে। তারা যদি ব্যতিক্রম কাজ করে, আইন ভঙ্গ করে, তাদের উপরে তো সরকারের সেই ধরনের ব্যবস্থা নিতে হবে। তা না হলে তো দুইজন সমান সমান হয়ে গেল, নইলে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com