প্রথম সমাচার ডেস্ক:
সবুজ চা বাগানের নিস্তব্ধতা ভেঙে বইছে নির্বাচনি উৎসবের আমেজ। দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচন। নিজেদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের যোগ্য প্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছেন দেশের লক্ষাধিক চা শ্রমিক।
ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে গেছে প্রয়োজনীয় সরঞ্জাম, নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে গত ১৫ নভেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই চা বাগান, কারখানা ও শ্রমিক লাইনগুলোতে শুরু হয় জমজমাট প্রচার-প্রচারণা। উঠান বৈঠক, পথসভা ও মিছিলে মুখর ছিল পুরো চা জনপদ। প্রার্থীরা শ্রমিকদের দ্বারে দ্বারে ঘুরে নিজেদের নির্বাচনি ইশতেহার তুলে ধরেছেন এবং জীবনমান উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। দেশের ৫টি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে একযোগে প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০টিরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেশের সবচেয়ে বেশি চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ১৩৫টি পঞ্চায়েতের অধীনে এবার মোট ৬০ হাজার ৪৮২ জন চা শ্রমিক ভোট দেবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় ৩টি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ বলেন, ভোটগ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে সাধারণ শ্রমিকদের মধ্যে যেমন ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তেমনি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাগান এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র: মূল প্রতিবেদন
