প্রথম সমাচার ডেস্ক:
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাপ্পি নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মুক্তারপুর এলাকায় ভুক্তভোগীদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ইভা বেগম (৪০) ও তার মেয়ে রূপা আক্তার (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির রান্নাঘর থেকে হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা এগিয়ে গিয়ে রান্নাঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এ সময় আশপাশের লোকজন জড়ো হলে মীরকাদিম এলাকার বাপ্পি নামের ওই যুবককে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেন বলে দাবি করেন স্থানীয়রা।
তাদের অভিযোগ, পালিয়ে যাওয়ার সময় বাপ্পির হাতে ধারালো অস্ত্র ছিল। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে ঢাকায় পাঠান। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: মূল প্রতিবেদন
