প্রথম সমাচার ডেস্ক:
ইতালির পার্লামেন্টে বিতর্কিত শিক্ষা সংস্কার আইন চূড়ান্তভাবে পাস হয়েছে। নতুন আইনে স্কুলের শ্রেণিকক্ষ ও শিক্ষা কার্যক্রমে বোরকা-নিকাবসহ মুখ শনাক্ত করা যায় না, এমন পোশাক নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, প্রথম বর্ষের শ্রেণিগুলোতে নির্দিষ্ট শর্ত পূরণ করা বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত রাখার বিধান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে আইনটি পাস হয়। ভোটাভুটিতে এর পক্ষে ১৪২ জন এবং বিপক্ষে ১১২ জন আইনপ্রণেতা ভোট দেন। চারজন ভোটদানে বিরত ছিলেন।
এর আগে গত ২০ নভেম্বর উচ্চকক্ষ সিনেটে আইনটি অনুমোদিত হয়। নিম্নকক্ষে চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে আইনটি পার্লামেন্টের উভয়কক্ষের সমর্থন পেল।
স্কুলে বোরকা-নিকাব পরলে ১ হাজার ইউরো জরিমানা
নতুন আইনে স্কুলের পাঠ্যক্রমভিত্তিক ও পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে এমন কোনো পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যাতে শিক্ষার্থীর মুখ শনাক্ত করা সম্ভব হয় না। ফলে মুসলিম নারী শিক্ষার্থীদের বোরকা ও নিকাব পরার সুযোগ থাকবে না।
আইন অনুযায়ী, মুখ ঢেকে স্কুলের কার্যক্রমে অংশ নেওয়ার ক্ষেত্রে ২০০ থেকে ১ হাজার ইউরো পর্যন্ত প্রশাসনিক জরিমানার বিধান রাখা হয়েছে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে জরিমানার দায় তার বাবা-মা বা আইনি অভিভাবকের ওপর বর্তাবে।
তবে নির্দিষ্ট ও প্রমাণিত স্বাস্থ্যগত কারণ কিংবা শিক্ষা কার্যক্রমের প্রয়োজনে মুখ ঢাকার ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে।
প্রথম বর্ষে বিদেশি শিক্ষার্থী সর্বোচ্চ ৩০ শতাংশ
শিক্ষা সংস্কার আইনে প্রথম বর্ষের শ্রেণিগুলোতে নির্দিষ্ট যোগ্যতার বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ করা হয়েছে।
তবে এ বিধান সব বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। ইতালির প্রাথমিক বিদ্যালয়ে ইতালীয় নাগরিক নন, ইতালিতে জন্মগ্রহণ করেননি এবং অন্তত দুই বছর প্রাক্-প্রাথমিক শিক্ষায় অংশ নেননি, এমন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা কার্যকর হবে।
মাধ্যমিক পর্যায়ে ইতালীয় নাগরিক নন এবং অন্তত তিন বছর দেশটির শিক্ষাব্যবস্থায় সফলভাবে পড়াশোনা করেননি, এমন শিক্ষার্থীদের ক্ষেত্রে সীমাটি প্রযোজ্য হবে।
যেসব বিদেশি শিক্ষার্থী ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না।
বিদেশি অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শিক্ষা
নতুন আইনে বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্যও ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থা রাখা হয়েছে।
যেসব পরিবারের ভাষাগত সীমাবদ্ধতা সন্তানের শিক্ষা ও স্কুলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাধা তৈরি করছে, তাদের অভিভাবকদের নির্ধারিত ইতালীয় ভাষা কোর্সে অংশ নিতে বলা হতে পারে। এসব কোর্স বিনা মূল্যে পরিচালনার বিধান রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার পরও অভিভাবকরা কোর্সে অংশ না নিলে ২০০ থেকে ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
মেলোনি সরকারের শিক্ষা সংস্কারের লক্ষ্য
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের উদ্যোগে এই সংস্কার আইন প্রণয়ন করা হয়েছে। সরকারের ভাষ্য, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম যথাসময়ে শুরু করা, জাতীয় পুনরুদ্ধার ও স্থিতিস্থাপকতা পরিকল্পনা বা ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যানের (পিএনআরআর) আওতায় শিক্ষা খাতের সংস্কার বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের মূলধারার শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করাই এর উদ্দেশ্য।
গত ২১ সেপ্টেম্বর মিলানে এক জনসভায় মেলোনি প্রথম এই সংস্কারের পরিকল্পনা তুলে ধরেন। সে সময় তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের স্কুলে অবশ্যই মুখ খোলা রেখে আসতে হবে। ইতালিতে এমন কোনো সংস্কৃতিকে উৎসাহিত করা হবে না, যা কিশোরী বা তরুণীদের মুখ ঢেকে চলতে উৎসাহিত করে।
বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে মেলোনির যুক্তি ছিল, ভাষাগত সমস্যার কারণে কোনো শিক্ষার্থী যেন স্কুলের মূলধারার শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে। একই সঙ্গে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে ভাষাগত ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
গত ২৫ সেপ্টেম্বর মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা এ-সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন করে। প্রায় দুই মাস পর পার্লামেন্টের উভয়কক্ষে অনুমোদনের মাধ্যমে তা আইনে পরিণত হলো।
আইনটি পাসের পর ইতালির বিরোধী দলগুলো এর সমালোচনা করেছে। তাদের অভিযোগ, নতুন আইন শিক্ষাব্যবস্থার প্রকৃত সমস্যাগুলো সমাধানের পরিবর্তে বিদেশি শিক্ষার্থীদের আলাদা করে দেখার সুযোগ তৈরি করবে।
বিরোধী ডেমোক্রেটিক পার্টি ও ফাইভ স্টার মুভমেন্টের নেতারা মনে করছেন, শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পরিবর্তে শিক্ষক নিয়োগ, শিক্ষা অবকাঠামো উন্নয়ন এবং ভাষা শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করা প্রয়োজন।
পার্লামেন্টে ভোটাভুটির সময় বিরোধী আইনপ্রণেতারা ‘স্কুলে কেউ বিদেশি নয়’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন বিধানগুলো শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরির জন্য নয়; বরং ভাষাগত দক্ষতা, পারস্পরিক বোঝাপড়া ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী