প্রথম সমাচার ডেস্ক:
বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা বড় আবাসন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাগোনারীর সহযোগিতায় বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরাম শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে।
সকালে কর্মসূচির উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মনির হোসেন কামাল। এ সময় যুব ফোরামের সদস্য, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর স্বেচ্ছাসেবকরা দলে ভাগ হয়ে আবাসনের চারপাশ, রাস্তা, ড্রেন, পরিত্যক্ত জায়গা ও বাসাবাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। জমে থাকা পানি ফেলে দেওয়া, ফুলের টব, ভাঙা হাঁড়ি-পাতিল, টায়ার ও প্লাস্টিকের পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করা হয়। কারণ এসব জায়গাতেই এডিস মশা জন্ম নেয়, যা ডেঙ্গু ছড়ায়।
পাশাপাশি প্রত্যেক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আয়োজকরা। তারা বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, তিন দিনের বেশি কোথাও পানি জমতে না দেওয়া, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, দিনের বেলা মশা থেকে সুরক্ষিত থাকা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেন।
প্রত্যেক বাসায় ডেঙ্গু সচেতনতা বিষয়ক স্টিকার লাগানো ও লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ডেঙ্গুর লক্ষণ, করণীয় ও প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
এ বিষয়ে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মনির হোসেন কামাল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকার বা হাসপাতালের দিকে তাকিয়ে থাকলে হবে না। নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখাই সবচেয়ে বড় প্রতিরোধ। তাই আমরা প্রতি শনিবার এভাবে পরিচ্ছন্নতা অভিযান চালাবো।”
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, এ ধরনের কর্মসূচি নিয়মিত হলে আবাসন এলাকা পরিষ্কার থাকবে এবং ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে যাবে।
আয়োজকরা জানান, প্রতি শনিবার জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের পক্ষ থেকে বরগুনার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এভাবে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
সূত্র: মূল প্রতিবেদন

গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী