শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিনের বাড়িতে আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিন মোল্লার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

পরিবারের সদস্যদের ধারণা, বাসার উত্তর পাশ দিয়ে প্রবেশ করে জানালা ভেঙে কক্ষের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। প্রায় পৌনে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে কক্ষের ভেতরে খাট, কাঁথা-বালিশ ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এ বিষয়ে কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক জানান, প্রাথমিকভাবে আগুন লাগার পেছনে বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়ির উত্তর পাশের নিচতলার একটি জানালার লক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন লাগিয়ে থাকতে পারে। আগুন লাগার পৌনে এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উল্লেখ্য, শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিন মোল্লা পুলিশের হাতে গ্রেফতার হন এবং শনিবার সকালে তার বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com