প্রথম সমাচার ডেস্ক:
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে পুলিশের ধাওয়ায় পালিয়ে গেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ৩০টি বাঁশের লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে রতনকান্দি ইউনিয়নের পিপুলবাড়িয়া-মহিসামড়া সড়কের খামারগাতি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী মশাল মিছিল ও নাশকতার উদ্যোগ নেন। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার একটি টহল দল সেখানে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় মশালের লাঠি ও কেরোসিন ফেলে পালিয়ে যান তারা।
পরে ঘটনাস্থল থেকে প্রায় ৩০টি বাঁশের লাঠি ও কেরোসিন উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
সূত্র: মূল প্রতিবেদন
