শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডি থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাতের খাবারে ছিল মোরগ পোলাও। সেই খাবার খেয়েই অচেতন হয়ে পড়েন নিরাপত্তাকর্মীরা। আর এই সুযোগে রাজধানীর ধানমন্ডির আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা ও হীরার গয়না লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে ধানমন্ডি ৬/এ এলাকায় এ চুরির ঘটনা ঘটে। জুয়েলার্সের মালিকের দাবি, দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না খোয়া গেছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে চোরচক্র।

ঘটনার পর থেকে জুয়েলার্সের নিজস্ব একজনসহ মার্কেটের দুজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। চুরির ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ। ইতোমধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মার্কেটের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রয়কর্মী সঞ্জীব শীল জানান, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকেই তিন নিরাপত্তাকর্মীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের একজন জুয়েলার্সের নিজস্ব এবং অন্য দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী। চুরির আগে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করা হয়েছিল বলে ধারণা করছেন তিনি।

সঞ্জীব শীলের ভাষ্য, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহযোগিতা করছেন। ভেতরে ঢুকেই দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর মূল পরিচয়পত্রও উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ শপিংমলটি ঘিরে রেখেছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, প্রায় দুই হাজার ভরি গয়না খোয়া গেছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ধরনের চুরির চেষ্টা আগেও হয়েছিল বলে জানিয়েছেন জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ। তিনি বলেন, কয়েক বছর আগে একই কৌশলে চুরির চেষ্টা করা হয়েছিল। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়। এতে একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি মালিকের নজরে আসায় সেবার চুরি করতে পারেনি দুর্বৃত্তরা।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com