শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

হালুয়াঘাটে মানসিক স্বাস্থ্যবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

“হাসি খুশি থাকি, ভালো থাকি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের বোয়ালমারা গ্রামে মানসিক স্বাস্থ্যবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সিডস প্রকল্পের আওতায় জুঁই ও জবা সংলাপ সেন্টারের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে চরবাঙ্গালিয়া ও মহাজনীকান্দা গ্রামের জুঁই ও জবা সংলাপ সেন্টারের কিশোরী, ফোরামের কিশোরী, সিবিও সদস্য, প্রাক-প্রাথমিক সহায়িকা, প্যারা কাউন্সিলর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনের শুরুতে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির উদ্বোধন করেন উপজেলা সমন্বয়কারী আশিকুর রহমান।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ও প্যারা কাউন্সিলররা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, সুস্থ থাকার উপায় এবং হাসিখুশি থাকার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভায় প্যারা কাউন্সিলর শিখা ও মধুমিতা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁরা মানসিক সুস্থতা বজায় রাখতে ইতিবাচক চিন্তা, আনন্দময় পরিবেশ, পারস্পরিক সহযোগিতা এবং মনের কথা প্রকাশ করার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে কিশোরীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কিশোরীরা গান, নাচসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএম স্বপ্না চক্রবর্তী ও মনোয়ার হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএম অমল কৃষ্ণ চন্দ এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির মাইক্রোক্রেডিট প্রোগ্রামের ফিল্ড অফিসার মোঃ রহমত প্রমুখ।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com