প্রথম সমাচার ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বরাবরই সন্ত্রাসের জন্ম দিয়ে থাকে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজ রোববার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের অতিদরিদ্র পরিবারের জন্য পরিবেশবান্ধব ও দুর্যোগসহনশীল বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ‘ঠিকানা’ বাড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘বিজয় দিবসকে কেন্দ্র করে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, বাংলাদেশকে তারা কতটুকু ভালোবাসে-তা জনগণই বিবেচনা করবে।’
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘৩০ লাখ মানুষের রক্ত ও ৩ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয় দিবস আমাদের আনন্দ, ঐতিহ্য ও সংগ্রামের। এই দিবসকে ঘিরে অস্থিরতা তৈরির অপচেষ্টা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।’
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, ‘বিচার চলাকালে তিনি দেশে আসেননি; এখন বিচারকাজ শেষ হওয়ার পর আসতে চাইছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী তিনি আসতে পারেন।
তবে তার দেশে ফেরাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ বরাবরই সন্ত্রাসের জন্ম দিয়ে থাকে। বিভিন্ন অঞ্চলে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ অতীতেও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং পরাজিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের কোনো কর্মকাণ্ড ঘটলে মুক্তিকামী জনতা তা প্রতিহত করবে এবং গণতন্ত্র, শান্তি ও দেশের পক্ষে থাকবে।’
এ সময় জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীত দাস এবং বিএনপির স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সূত্র: মূল প্রতিবেদন

‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন রাজৈর থানার ওসি