প্রথম সমাচার ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পৃথক তিনটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪৮ ঘণ্টার লকডাউন ও হরতাল কর্মসূচির সমর্থনে রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলগুলোতে প্রবাসী আতিফ আসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগরের নাম উল্লেখ করে স্লোগান দেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা গেছে, প্রথম মিছিলটি শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের কালীগঞ্জ-গাজীরবাজার সড়কের পান্তাডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সামনে একটি ব্যানার রেখে ১০ থেকে ১৫ জন ব্যক্তি সড়কে টায়ার জ্বালিয়ে হাতে মশাল নিয়ে মিছিল করছেন। এ সময় তাঁদের ‘আতিফ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ‘আমরা সবাই মুজিব সেনা,‘ভয় করি না বুলেট-বোমা, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
দ্বিতীয় মিছিলটি একই দিন রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়া-সিংগীবাজার সড়কে অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে মিছিলকারীদের কথোপকথন ও স্লোগানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খানের নাম শোনা যায়। এ সময় তাঁদের ‘আয়ুব ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে দেখা যায়।
অন্যদিকে, রবিবার (২৯ নভেম্বর) সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারোবাজার এলাকায় আরও একটি বিক্ষোভ মিছিল বের করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই মিছিলের ছড়িয়ে পড়া ভিডিওতে যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগরের নাম উল্লেখ করে ‘সাগর ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে শোনা যায়।
পৃথক তিনটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে তিনটি মিছিলেই পৃথক তিন নেতার নাম উল্লেখ করে স্লোগান দেওয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, মিছিলের বিষয়টি তাঁর জানা নেই। তবে কেউ মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: মূল প্রতিবেদন

‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন রাজৈর থানার ওসি