প্রথম সমাচার ডেস্ক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ধানখেত থেকে হাসিনা আক্তার (৪৫) নামের এক কৃষাণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে আজ রোববার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। হাসিনা ওই গ্রামের আবুল কালামের স্ত্রী।
স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে আমন ধানের খেত দেখতে বাড়ি থেকে বের হন হাসিনা আক্তার। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান মেলেনি। পরে রোববার দুপুরে গ্রামের এক কৃষক ঘাস তুলতে গিয়ে পাশের একটি খালি জমিতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন।
হাসিনার মেয়ে তানিয়া জানান, তাঁর মা আগে দুইবার স্ট্রোক করেছিলেন। পাশাপাশি হৃদ্রোগেও ভুগছিলেন। অতিরিক্ত দুশ্চিন্তা করলে মাঝেমধ্যে অজ্ঞান হয়ে পড়তেন তিনি।
খবর পেয়ে রোববার দুপুরে থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গণি ও উপপরিদর্শক (এসআই) মো. মাহতাব হোসেন ঘটনাস্থলে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সূত্র: মূল প্রতিবেদন
