ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন যে পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের সাথে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হয়েছে। তিনি এই ব্যর্থতার জন্য সরাসরি ওয়াশিংটনকে দায়ী করে বলেন যে মার্কিন প্রতিনিধিদের ‘সর্বোচ্চ দাবিদাওয়ার নীতি’, ঘনঘন লক্ষ্য পরিবর্তন এবং অবরোধের অনড় মানসিকতার কারণেই কোনো ইতিবাচক ফলাফল আসেনি।
আরাগচি অভিযোগ করেন যে আমেরিকা আলোচনার টেবিলে একের পর এক নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে এবং আগের অবস্থান থেকে সরে গিয়ে সমঝোতার পথকে জটিল করে তুলছে।
তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে ওয়াশিংটনের এই একতরফা দৃষ্টিভঙ্গি এবং বৈরী আচরণ কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। পাকিস্তানের এই মধ্যস্থতা ব্যর্থ হওয়ার ফলে দুই দেশের মধ্যকার চলমান অস্থিরতা নিরসনে যে আশার আলো দেখা গিয়েছিল তা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।
ইরানের শীর্ষ এই কূটনীতিকের মতে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র তাদের সংঘাতমূলক অবস্থান পরিবর্তন করবে এবং যুক্তিসঙ্গত পথে ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো ফলপ্রসূ আলোচনার সম্ভাবনা ক্ষীণ। এই অচলাবস্থা কেবল দুই দেশের সম্পর্কের অবনতি ঘটাচ্ছে না বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আল-জাজিরা/পিএস
