দেশে মানি মার্কেটে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে চালু করেছে দুটি নতুন রেফারেন্স সুদহার—Bangladesh Overnight Financing Rate (BOFR) এবং Dhaka Overnight Money Market Rate (DOMMR)।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, BOFR হবে ইন্টারব্যাংক রেপো-ভিত্তিক ঝুঁকিমুক্ত (রিস্ক-ফ্রি) মানি মার্কেট রেফারেন্স রেট। অন্যদিকে, DOMMR নির্ধারিত হবে কলমানি মার্কেটভিত্তিক আনসিকিউরড লেনদেনের ওপর।
নতুন এই ব্যবস্থার আওতায় প্রতিদিনের কার্যদিবসের শুরুতেই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে রেট দুটি প্রকাশ করা হচ্ছে, যা বাজারে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়াবে বলে মনে করা হচ্ছে।
চালুর প্রথম দিনে প্রকাশিত তথ্যে দেখা যায়, BOFR-এর ওভারনাইট রেট ১০.৪২ শতাংশ এবং ৭ দিনের রেট ১০.৬২ শতাংশ নির্ধারিত হয়েছে। অন্যদিকে DOMMR-এর ক্ষেত্রে ওভারনাইট রেট ১০.০৯ শতাংশ, ৭ দিনের রেট ১০.১৪ শতাংশ, ১ মাসের রেট ১০.৭৮ শতাংশ এবং ৩ মাসের রেট ১০.৪২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবর্তিত এই রেফারেন্স রেটগুলো দেশের অর্থবাজারে সুদহার নির্ধারণে নতুন দিকনির্দেশনা দেবে। একই সঙ্গে এটি আর্থিক খাতে স্বচ্ছতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন এবং নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
