শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Logo
×

এলপিজির দামে বড় লাফ: ১২ কেজি সিলিন্ডারে বাড়ল ২১২ টাকা

প্রথম সমাচার ডেস্ক ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে।

১৯ এপ্রিল রবিবার বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন জানায় যে, এখন থেকে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য গ্রাহককে ১ হাজার ৯৪০ টাকা পরিশোধ করতে হবে।

এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭২৮ টাকা, যার অর্থ দাঁড়াচ্ছে প্রতি সিলিন্ডারে এক একবারে ২১২ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন এই নির্ধারিত মূল্য রোববার সন্ধ্যা থেকেই সারা দেশে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সাথে বৃদ্ধি পেয়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। এপ্রিল মাসের শুরুতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারিত থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

মূলত আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানানো হলেও সাধারণ মানুষের ওপর এর প্রভাব হবে সুদূরপ্রসারী। চলতি মাসের ২ তারিখে একবার দাম সমন্বয় করার পর এত অল্প সময়ের ব্যবধানে বড় অংকের এই মূল্যবৃদ্ধি জনজীবনে বাড়তি চাপের সৃষ্টি করবে।

উল্লেখ্য যে, গত রাতেই দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা এসেছিল। তেলের দাম বাড়ার রেশ কাটতে না কাটতেই রান্নার গ্যাস ও অটোগ্যাসের এই দফায় দাম বৃদ্ধি ভোক্তা পর্যায়ে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে।

হঠাৎ করে জ্বালানি খাতের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও পরিবহন খরচকেও প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...