বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Logo
×

রাবিতে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার অভিযানে অনিয়ম উন্মোচন, ৫ প্রতিষ্ঠানে জরিমানা

প্রথম সমাচার ডেস্ক ২২ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল (সোমবার) কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি), রাবি শাখার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

এতে তত্ত্বাবধানে ছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (রাজশাহী বিভাগ), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (রাজশাহী) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

অভিযানে ক্যাম্পাস এলাকার বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে মোট ৫টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা করা হয়। এতে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—টুকটুকি এলাকায় অবস্থিত রকি হোটেল (২ হাজার টাকা), সুরুজ হোটেল (৫ হাজার টাকা), মনির হোটেল (২ হাজার টাকা), বাবু হোটেল (৩ হাজার টাকা) এবং ক্যাফে গ্রিন ভিউ (২০ হাজার টাকা)।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (রাজশাহী বিভাগ) সহকারী পরিচালক ফজলে এলাহী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (রাজশাহী) প্রতিনিধি চিন্ময় প্রামাণিক। এ সময় সিওয়াইবি ও রাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জহিরুল ইসলাম, বেলাল হোসেন ও নাসির উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন সিওয়াইবি রাবি শাখার উপদেষ্টা ড. মো. সালেহ মাহমুদ।

সার্বিক কার্যক্রমে নেতৃত্ব দেন সিওয়াইবি রাবি শাখার সভাপতি সাদমান প্যারিস এবং রাকসুর পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ। এ সময় সিওয়াইবি’র অন্যান্য সদস্যরাও অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা জানান, ক্যাম্পাসে খাদ্যের মান ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...