জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিরোধী দলীয় জোটের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজন প্রতিনিধি মনোনয়ন পাচ্ছেন। দলটির পক্ষ থেকে এ আসনের জন্য মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।
দলীয় সূত্রে জানা গেছে, পেশাগত দক্ষতা, সামাজিক সম্পৃক্ততা এবং সাংগঠনিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য নির্বাচিত করা হয়েছে। তিনি একজন দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ এবং দ্বীনি ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম ১৯৮৪ সালে ঢাকার সাভারে জন্মগ্রহণ করেন। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন এবং পরবর্তীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ে তাঁর অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি হিফজখানা ও মক্তব পরিচালনার মাধ্যমে ধর্মীয় শিক্ষার প্রসার এবং রাজধানীতে শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন।
ছাত্রজীবনে তিনি আবৃত্তি, বিতর্ক ও বক্তৃতায় দক্ষতার জন্য সুপরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তাঁর স্বামী ডা. আউলাদ হোসাইন একজন মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক।
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা আশা প্রকাশ করেছেন, সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে মাহবুবা হাকিম তাঁর পেশাগত অভিজ্ঞতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে দেশের উন্নয়ন, নারী অধিকার এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
