দীর্ঘ ১০ বছর প্রতীক্ষার পর অবশেষে কুমিল্লার চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান সেনাবাহিনীর একজন সাবেক ওয়ারেন্ট অফিসার।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে আসামিকে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে, আদালতের বিচারক মোমিনুল হক দীর্ঘ শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে উপস্থিত তনুর বড় ভাই রুবেল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দীর্ঘ ১০ বছর তারা এই দিনটির জন্য অপেক্ষা করেছেন। তিনি বলেন, “আমরা শুরু থেকেই ন্যায়বিচারের আশা ছাড়িনি। আজ প্রথম কেউ গ্রেপ্তার হওয়ায় আমাদের মনে কিছুটা স্বস্তি এসেছে। আমরা চাই প্রকৃত সত্য বেরিয়ে আসুক।”
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার ভেতর একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং নাট্যকর্মী তনুর এই হত্যাকাণ্ড সারাদেশে ব্যাপক ক্ষোভ ও আন্দোলনের জন্ম দিয়েছিল। তবে দীর্ঘ তদন্তেও গত এক দশকে কাউকে অভিযুক্ত বা গ্রেপ্তার করতে না পারায় তদন্ত সংস্থাগুলোর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল।
মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। সাবেক এই সেনাকর্মকর্তার গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার জট খুলবে এবং হত্যাকাণ্ডের প্রকৃত মোটিভ ও নেপথ্যে থাকা ব্যক্তিদের নাম বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।
