শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Logo
×

বাড়ানো হলো বাস ভাড়া, কিলোমিটারে কত?

প্রথম সমাচার ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

দেশের দূরপাল্লার ও আন্তঃজেলা বাস রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ সিদ্ধান্তের কথা জানান, আজ থেকেই নতুন ভাড়া কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-চট্টগ্রামসহ সকল দূরপাল্লার রুটে এবং আন্তঃজেলা রুটেও প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

এর ফলে দূরপাল্লার রুটে বিদ্যমান কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সার ভাড়া বেড়ে দাঁড়াবে ২ টাকা ২৩ পয়সায়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বর্তমান ২ টাকা ৪২ পয়সার ভাড়াও সে অনুযায়ী পুনর্নির্ধারিত হবে।

তবে এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া আপাতত অপরিবর্তিত থাকবে। এছাড়া রেল ও নৌ পরিবহনের ভাড়া বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী আরও জানান, এই ভাড়া বৃদ্ধি স্থায়ী নয়। ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও হ্রাস করা হবে। আবার তেলের দাম বাড়লে সে অনুযায়ী ভাড়া পুনর্সমন্বয় করা হবে।

এই ভাড়া বৃদ্ধির মূল কারণ হলো সম্প্রতি জ্বালানি তেলের দামে বড় ধরনের বৃদ্ধি। গত ১৮ এপ্রিল শনিবার রাতে সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ায়, যা ১৯ এপ্রিল রোববার থেকে কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এই মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পরিবহন খাতের স্থিতিশীলতা রক্ষায় যৌক্তিক ভিত্তিতে দ্রুত ভাড়া পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছিলেন পরিবহন নেতারা।

ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরে। গত ১৮ এপ্রিল রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক হয়। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, একটি খসড়া প্রস্তুত করা হয়েছে এবং শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পরদিন ২২ এপ্রিল সচিবালয়ে আরেকটি বৈঠক হলেও সেদিন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অবশেষে আজ ২৩ এপ্রিল মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে ভাড়া বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করা হয় এবং একই দিন থেকে তা কার্যকর করা হয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...