রাজধানীর শাহবাগ থানা এলাকায় সংঘটিত হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ মুহাম্মাদ শিবলী।
জানা গেছে, তিনি ফোন করে আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও অবগত হন এবং প্রয়োজনীয় যেকোনো সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
প্রেস সেক্রেটারি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান।
ঘটনাটিকে ঘিরে শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও, অন্যরা সমালোচনা করে এটিকে “জুতা মেরে গরু দান করার মতো” বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি শাহবাগ এলাকায় সংঘর্ষের সময় ছাত্রদলের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক আহত হন, যা নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। গত দুই দিনে প্রায় ১৬ জন সাংবাদিক ছাত্রদলের কাছ থেকে হেনস্তা ও আহতের শিকার হয়েছে বলে জানা যায়।
