রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

মুনিরা মাহজাবিন মৃত্যুর ঘটনায় ঢাবির শিক্ষক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি

প্রথম সমাচার ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে সাময়িকভাবে সব ধরনের একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগীয় শিক্ষার্থী মুনিরা মাহজাবিনের মৃত্যুকে ঘিরে দায়ের হওয়া মামলায় তার গ্রেপ্তার এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিভাগীয় চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগের ২০২৪ সনের এমএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা মাহজাবিনের আকস্মিক মৃত্যুতে বিভাগজুড়ে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একই ঘটনায় বিভাগের শিক্ষক ড. সুদীপ চক্রবর্তী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ায় একাডেমিক পরিবেশ স্বাভাবিক রাখতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়ে পড়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী চলমান আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ড. সুদীপ চক্রবর্তী বিভাগের সব ধরনের ক্লাস, পরীক্ষা, একাডেমিক কমিটি ও প্রশাসনিক সংশ্লিষ্টতা থেকে বিরত থাকবেন। অর্থাৎ আপাতত বিভাগের কোনো শিক্ষাকার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না।

ঘটনার সূত্রপাত গত রোববার রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে শিক্ষার্থী মুনিরা মাহজাবিনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করে পুলিশ, যাতে কয়েকটি ব্যক্তিগত সম্পর্ক ও আর্থিক লেনদেনসংক্রান্ত ইঙ্গিতপূর্ণ বক্তব্য পাওয়া যায়। সেই চিরকুটের সূত্র ধরে ঘটনাটি দ্রুত আলোচনায় আসে এবং তদন্তের পরিধি বিস্তৃত হয়।

পরে মুনিরার বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে ড. সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, যেহেতু বিষয়টি এখন বিচারাধীন এবং শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে ব্যাপক মানসিক অস্থিরতা তৈরি হয়েছে, তাই একাডেমিক শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতেই সাময়িক এই অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভাগীয় কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে জন্য বিকল্প শিক্ষক ও পরীক্ষাসংশ্লিষ্ট দায়িত্ব পুনর্বিন্যাসের উদ্যোগও নেওয়া হচ্ছে।

মুনিরা মাহজাবিনের মৃত্যুকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে এখন শোক, ক্ষোভ এবং নানা প্রশ্নের জন্ম হয়েছে। শিক্ষার্থীদের একটি অংশ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি তুলেছে। অন্যদিকে শিক্ষক মহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে আইনি তদন্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিস্থিতিও এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...