বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘জি লে জারা’ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা আর জল্পনা কাটাতে অবশেষে মুখ খুললেন পরিচালক ফারহান আখতার। প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ— এই তিন সুপারস্টারকে প্রথমবারের মতো এক পর্দায় দেখার অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারহান জানান, তিনি কোনো কিছু আড়ালে রাখতে পছন্দ করেন না। ছবিটির ভবিষ্যৎ নিয়ে নেটপাড়ায় নানা গুজব রটলেও বাস্তবের চিত্রটা সবার সামনে আসা প্রয়োজন। তার মতে, অতিরঞ্জিত কোনো ধারণা তৈরি করা ঠিক নয়। ফারহান স্পষ্ট করে বলেন, ‘অনেক রকম জল্পনা চলছে, কিন্তু সবকিছু বিশ্বাস করার কোনো কারণ নেই।’
২০২১ সালে যখন এই মহিলা-কেন্দ্রিক রোড ট্রিপ ছবির ঘোষণা করা হয়েছিল, তখন থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু তিন তারকার ব্যস্ত শিডিউল বা সময় বের করাটাই নির্মাতাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বারবার শুটিংয়ের তারিখ পিছিয়ে যাওয়ায় অনেকেই ধারণা করেছিলেন ছবিটি হয়তো বন্ধ হয়ে গিয়েছে অথবা কাস্টিংয়ে বদল আসতে পারে। তবে ফারহান জানিয়েছেন, ছবি বাতিল হয়ে যাওয়ার খবরটি সঠিক নয়।
ফারহানের বক্তব্য থেকে এটুকু স্পষ্ট যে, ছবিটির কাজ পুরোপুরি বন্ধ হয়নি, তবে তা এখনও অনিশ্চয়তার মেঘে ঢাকা। দর্শকদের মূল কৌতূহল ছিল প্রিয়াঙ্কা-আলিয়া-ক্যাটরিনা এই ত্রয়ীকে ঘিরে। এই তিন অভিনেত্রী শেষ পর্যন্ত ছবিতে থাকছেন কি না, সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর ফারহান এখনই খোলসা না করলেও গুজবে কান দিতে নিষেধ করেছেন।
